ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু

প্রকাশ : 27 Aug 2026
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ কক্ষে অধিবেশনের প্রথম বৈঠকের কার্যক্রম শুরু হয়। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১১ আগস্ট এই অধিবেশন আহ্বান করেন। আজকের কার্যসূচিতে রয়েছে- সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন প্রণয়ন কার্যাবলি।


এর আগে সকালে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, এই অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে, তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হবে।


তিনি বলেন, তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই কমিটিগুলো চূড়ান্ত করা হবে। এছাড়া প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে, এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উল্লেখযোগ্য। সম্পত্তি হস্তান্তর আইনে বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও জীবিত থাকা পর্যন্ত ভোগদখলের অধিকার বজায় রাখার বিধান রাখা হচ্ছে।


উল্লেখ্য, গত ১৫ জুলাই ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। ৭ জুন শুরু হওয়া ওই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়, যা বর্তমান সরকারের প্রথম বাজেট।


সম্পর্কিত খবর

;