রাজধানী ঢাকাসহ ৫ বিভাগে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ : 27 Aug 2026
রাজধানী ঢাকাসহ ৫ বিভাগে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার: উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হওয়ায় দেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মাঝারী অবস্থায় থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।


আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।


এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।


সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী না থাকলেও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


সম্পর্কিত খবর

;