উজিরপুরে বিদ্যুৎস্পর্শে যুবদল নেতার বাবার মৃত্যু।

প্রকাশ : 10 Sep 2026
উজিরপুরে বিদ্যুৎস্পর্শে যুবদল নেতার বাবার মৃত্যু।

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান বিশ্বাস শিকাপুর ইউনিয়ন যুবদলের সদস্য শিহাব বিশ্বাসের বাবা।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়ির পাশের একটি কাঠালগাছ থেকে পাতা কাটতে গাছে ওঠেন শাহজাহান বিশ্বাস। এ সময় গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও স্বজনদের অভিযোগ, গাছের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার থাকলেও তা সরাতে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ ছিল না। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা দাবি করেন।

শাহজাহান বিশ্বাসের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার কারণ তদন্ত করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

;