বরিশালের সাংবাদিক নেতা পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে ৫টি সুইসাইড নোট

প্রকাশ : 11 Sep 2026
বরিশালের সাংবাদিক নেতা পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে ৫টি সুইসাইড নোট

বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 


এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম। ঘটনার পর রাত ৯টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


পুলক চ্যাটার্জির কাছে সমকাল অফিসের একটি বিকল্প চাবি ছিল। তিনি মাঝে মাঝে অফিসে এসে বসতেন, পত্রিকা পড়তেন। 


সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানান, শুক্রবার বিকেলে পুলক চ্যাটার্জির স্ত্রী তাকে ফোন করে জানান পুলক ফোন ধরছেন না। এরপর সন্ধ্যায় তিনি অফিসে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই তিনি পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। সাথে সাথে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। শুক্রবার হওয়ায় অফিসের পিয়ন দীপক ছুটিতে ছিলেন, ফলে অফিসে তিনি একাই ছিলেন। 


যুগান্তরের সাংবাদিক এস এম পলাশ জানান, তাদের অফিস একই ভবনের তিনতলায়। পুলক চ্যাটার্জিকে প্রায়ই এখানে এসে বসতে দেখা যেত। 


পুলক চ্যাটার্জি নগরীর কালীবাড়ি রোডের বিশ্বপতি চ্যাটার্জির ছেলে। বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।


দীর্ঘদিন তিনি দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে এবং পরে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ অ্যাসোসিয়েশন (এনডিবিএ) এর সভাপতি ছিলেন।


পুলিশ ও পরিবার সূত্র জানিয়েছে, ২০২৩ সালের দিকে তাকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয় বলে পরিবার জানিয়েছে। তারপর থেকে তিনি বেকার ছিলেন। স্থানীয় সূত্র বলছে, প্রায় ২-৩ বছর আগে চাকরিচ্যুত হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও আর্থিকভাবে চরম সংকটে ছিলেন। 


তার ভাই দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। “সে কারণেও এটা হতে পারে।” স্ত্রী নিলোৎপলা মুখার্জি বলেন, “চাকরি হারানোর পর থেকে তিনি হতাশ ছিলেন। কিন্তু এ কারণে আত্মহত্যা করবেন, সেটা কেউ ভাবিনি।” 


এই ঘটনার সবচেয়ে আলোচিত দিক হলো ঘটনাস্থল থেকে ৫টি সুইসাইড নোট উদ্ধার। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে কয়েক পাতার সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে পুলিশ সবকিছু যাচাই-বাছাই করছে। সিআইডির একটি দলও কাজ করছে। 


১. নিজের সম্পর্কে: ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি বেশকিছু রোগে আক্রান্ত। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। অসুস্থতার কারণে আমি সামাজিকভাবেও পিছিয়ে পড়েছি। রোগের যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি আত্মহত্যা করলাম। এজন্য কাউকে যাতে হয়রানি না করা হয়।’ 


২. সুমন চৌধুরীকে উদ্দেশ্য করে: ‘তোমার সঙ্গে একসাথে দেড় যুগ কাজ করেছি। কখনো কোন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করিও। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। যদি পারো দৈনিক সমকাল পত্রিকায় আমার পাওনা টাকা আদায় করে তোমার বৌদির হাতে দিও।’ 


৩. স্ত্রী প্রিয়াংকাকে উদ্দেশ্য করে: ‘প্রিয়াংকা আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতিকে (পুলক চ্যাটার্জির মেয়ে) দেখে রেখো এবং লেখাপড়া চালিয়ে যেও। দীপক (পুলক চ্যাটার্জির ভাই) এর সাথে থেকো ও তোমাদের আগলে রাখবে।’ 


৪. ভাই দীপক চ্যাটার্জিকে উদ্দেশ্য করে: ‘আমাকে ক্ষমা করিস। তোর ওপর অনেক বোঝা চাপিয়ে গেলাম। প্রিয়াঙ্কা (পুলক চ্যাটার্জির স্ত্রী) ও প্রকৃতিকে (পুলক চ্যাটার্জির মেয়ে) আগলে রাখিস।’ 


৫. প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে উদ্দেশ্য করে: ‘আমি যেহেতু স্বেচ্ছায় আত্মহত্যা করেছি তাই ময়নাতদন্তের প্রয়োজন নেই। প্রশাসনিক ঝামেলা ছাড়া আমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করিও। তোমার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। আমার স্ত্রী প্রিয়াংকা ও প্রকৃতির খেয়াল রাখিও। বিদায়।’ 


পুলিশ জানিয়েছে, একটি চিরকুট ছাড়া বাকিগুলো তার স্ত্রী-সন্তান, তার ভাই, বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সমকালের বর্তমান ব্যুরো প্রধানের নামে লেখা।


কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’ 


পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরিশালের পুরো সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত খবর

;