চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

প্রকাশ : 18 May 2026
চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।


সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-ওলামা এবং চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, হিজরি জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হয়। এই দিনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। চাঁদ দেখার ভিত্তিতে ধর্ম মন্ত্রণালয় ঈদের তারিখ ঘোষণা করে থাকে।


এর আগে সৌদি আরবে রোববার, ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ২৭ মে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ওমান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই দিনে ঈদ পালনের ঘোষণা দিয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।


সরকার ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ঈদুল আজহার ছুটি ঘোষণা করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে কোরবানির পশুর হাট, যাতায়াত ও নিরাপত্তা প্রস্তুতি শুরু হয়েছে।


ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন দেশবাসীকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত খবর

;