স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণায় উদ্বেগ প্রকাশ করলেন সিইসি

প্রকাশ : 18 May 2026
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণায় উদ্বেগ প্রকাশ করলেন সিইসি

স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দলগুলোকে নিজেদের মধ্যে বসে সমঝোতায় আসতে হবে, নির্বাচন কমিশন সহায়তা করবে। সোমবার, ১৮ মে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


সিইসি বলেন, “গণমাধ্যমে দেখছি, বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়নের ঘোষণা দিচ্ছে। এটা আমার জন্য চিন্তার, আমার কপালে ভাঁজ পড়েছে।” স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হয় না মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “যদি প্রার্থীরা স্বতন্ত্র হতেন, দলের মালিকানা থাকত না, তাহলে দলে দলে গোলমাল হত না। এজন্য মনে করি, দলগুলোর উচিত হবে নিজেরা বসে ফায়সালা করা। আমাদের সহায়তা থাকবে।”


শুধু জাতীয় নির্বাচন নয়, সব ধরনের নির্বাচন ‘ভালো’ করার ওপর জোর দিয়ে সিইসি বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। ‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। তিনি বলেন, “রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব হয় না। আমরা দলের সহযোগিতা চাই। প্রয়োজনে আপনারা নিজেরা নিজেরা বসেন। একটা ফায়সালায় আসেন, আমরা রক্তপাত দেখতে চাই না। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই।”


অতীতে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার কথা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, “অতীতে দেখা গেছে অনেক হত্যাকাণ্ড হয়, একই পরিবারে প্রতিদ্বন্দ্বিতা হয়, খুব স্বল্প ব্যবধানের প্রতিদ্বন্দ্বিতা হয়।” ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের টেঁটা যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “টেঁটা মেরে দুই পাড়ায় মারামারি হয়। এখন দুই পাড়ায় যদি প্রার্থী দাঁড়ায়, তাহলে কি হবে? কারবালা হয়ে যাবে। এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে বোঝাপড়া করা উচিত, যাতে স্থানীয় নির্বাচনে কোনো ঝামেলা না হয়।”


ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের পর স্থানীয় নির্বাচনও ‘সুন্দরভাবে’ করে নির্বাচনি সংস্কৃতিতে পরিবর্তন আনতে চান সিইসি। তিনি বলেন, “এক নির্বাচন ভালো হল। এটার মানে এ নয় যে বাংলাদেশের নির্বাচন সবসময় ভালো হবে। আমরা ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই। শুধু একটা নয়, সব নির্বাচন ভালো হবে। আমরা চাই, সত্যিকার অর্থে শতভাগ ভালো একটা স্থানীয় নির্বাচন।”


স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে সিইসি জানান, নির্বাচন কবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই কিছু বিধিবিধান সংস্কার করতে হবে। এ কাজ শেষ করে সরকারের সঙ্গে বসবে কমিশন। তিনি বলেন, “সরকার চাইছে এ বছরের মধ্যে নির্বাচন শুরু করতে। তবে এটার জন্য সময় লাগে।”


অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপির নাসীরউদ্দীন পাটোয়ারী, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বক্তব্য দেন। আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলার নেতৃত্বাধীন নতুন নির্বাচিত কমিটি এ অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করে।

সম্পর্কিত খবর

;