স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ রবিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।
জানাজায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিপরিষদের সদস্যরা।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
গত শুক্রবার, ১৫ মে রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
তাঁর মেয়ে ও একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ ও একমি গ্রুপের প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা এবং মাতা নূরজাহান সিনহা। স্ত্রী জাহানারা সিনহা তাজ।
শৈশবে কলকাতায় বেড়ে ওঠা সিনহা নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে একমি গ্রুপে যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সিনহা। তোলারাম কলেজে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি বিএনপিতে যোগ দেন।
বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৩ সালের ২২ মে থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন তিনি বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ২২ জানুয়ারি দলের সব পদ থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাঁকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাঁকে প্রাথমিক মনোনয়ন দিলেও অসুস্থতার কারণে পরে মনোনয়ন পরিবর্তন করে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল সালাম আজাদকে দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে প্রথম জানাজা শেষে মরদেহ মুন্সীগঞ্জে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে লৌহজংয়ের ডহুরী গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, সিনহার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ওষুধ শিল্প ও ব্যবসায়িক মহলে অপূরণীয় ক্ষতি হয়েছে।
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
সব মন্তব্য
No Comments