এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে

প্রকাশ : 31 Oct 2026
এক বা দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে

স্টাফ রিপোর্টার: এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি বছর নষ্ট না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।


শনিবার ৩১ অক্টোবর সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর এইচএসসি ও সমমানে মোট ফেল করেছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এই ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনকে শুধু ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।


তিনি জানান, আগে বোর্ডগুলো জানিয়েছিল তিন মাসের মধ্যে এই পরীক্ষা নেওয়া সম্ভব। তবে চূড়ান্ত পর্যালোচনার পর শিক্ষা মন্ত্রণালয় সময়সীমা কমিয়ে এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। ফলে শিক্ষার্থীদের একটি বছর নষ্ট হবে না।


এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।


এছাড়া শিক্ষামন্ত্রী জানান, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত।


সম্পর্কিত খবর

;