রমজানে স্কুল বন্ধ হাইকোর্ট নির্দেশ

প্রকাশ : 15 Feb 2026
রমজানে স্কুল বন্ধ হাইকোর্ট নির্দেশ

স্টাফ রিপোর্টার: আসন্ন রমজান মাসকে সামনে রেখে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় আগাম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আদালতের নির্দেশ অনুযায়ী, আগে নির্ধারিত ৮ মার্চের পরিবর্তে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে যাবে। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। দীর্ঘ এ বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ ছিল দেশের স্কুল, কলেজ ও মাদরাসা। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এরপর সাপ্তাহিক ছুটি এবং শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে নির্ধারিত ছুটির কারণে শ্রেণি কার্যক্রম স্থগিত ছিল। ফলে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে যাচ্ছে।


চলতি বছরের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ১৯ দিনের বিরতি থাকার কথা ছিল। তবে হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরে ছুটির সময়সূচিতে পরিবর্তন এসেছে।


এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিনের অবকাশ থাকবে, যার মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত। দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে পৃথকভাবে একদিন করে ছুটি থাকবে। প্রতিষ্ঠানপ্রধানদের জন্য সংরক্ষিত দুই দিনের বিশেষ ছুটিও বহাল রয়েছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান উপলক্ষে প্রচলিত নিয়মে ছুটি কার্যকর থাকবে।

সম্পর্কিত খবর

;