শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় মূল হোতা গ্রেফতার

প্রকাশ : 26 Oct 2026
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় মূল হোতা গ্রেফতার


স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নম্বর গেটের পূর্ব পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল হায়াদ দীপু, ৩২, নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা মডেল থানা পুলিশ।


তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির স্পেশাল টিমের সহযোগিতায় অভিযান পরিচালনা করে সোমবার ২৬ অক্টোবর দুপুর আনুমানিক ৩টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে রমনা মডেল থানাধীন সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নম্বর গেটের পূর্ব পাশের রাস্তায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা রুজু করা হয়।


মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল হায়াদ দীপুকে শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

;