কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীসহ সারাদেশে একযোগে ভোট গ্রহণ শুরু

প্রকাশ : 12 Feb 2026
কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীসহ সারাদেশে একযোগে ভোট গ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীসহ সারাদেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে।  আজ (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত ভোটাররা ভোট দিতে পারবেন।


দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একটি আসনে বিশেষ কারণে ভোট স্থগিত রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২,৭৭,১১,৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,২৫,১৫৪ জন, নারী ভোটার ৬,২৮,৮৫,৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২২০ জন। সারাদেশে ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র ও ২,৪৭,৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও নির্বাচনী সামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া হয়েছে।


নির্বাচনে মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১,৭৫৫ জন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। মোট ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। প্রতি আসনে গড়ে ৬ থেকে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং বিএনসিসি সদস্যরা রয়েছেন। পাশাপাশি ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।


নির্বাচন কমিশন ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও সুশৃঙ্খল ভোটগ্রহণ সম্পন্ন হবে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন সবার দৃষ্টি শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার দিকে।


সম্পর্কিত খবর

;