দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই আটক সিজেপির তিন শীর্ষ নেতা

প্রকাশ : 10 Oct 2026
দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই আটক সিজেপির তিন শীর্ষ নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডাকা যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচির আগেই বড় ধরনের ধরপাকড় শুরু করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড, ইকোনমিক টাইমস, এনডিটিভি এবং বিজনেস স্ট্যান্ডার্ডের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার ১০ অক্টোবর বেলা ১০টা ১৯ মিনিটে মুম্বাই থেকে আসা একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এ অবতরণ করে। ফ্লাইটটি অবতরণের সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিশের একটি দল উড়োজাহাজে উঠে তিন নেতাকে আটক করে। সিজেপির পক্ষ থেকে এই পদক্ষেপকে চলাচলের স্বাধীনতার লঙ্ঘন এবং কর্তৃত্ববাদী আটক বলে নিন্দা জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, শনিবার বেলা ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি। দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি, তবে দলটি জানিয়েছিল কর্মসূচি যথাসময়ে শুরু হবে। সেই কর্মসূচিতে যোগ দিতেই মুম্বাই থেকে দিল্লি আসেন অভিজিৎ, সৌরভ এবং আশুতোষ। তাদের সাথে ছিলেন এনসিপি এসপির মুখপাত্র আনিস গাওয়ান্ডে। দ্য উইক জানিয়েছে, আটকের পর তিন নেতাকে বিমানবন্দরের ভেতরেই একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।


এনডিটিভির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অভিজিৎ দীপকে পুলিশকে বলছেন, আসুন, আমাদের গ্রেপ্তার করুন, আমরা ভয় পাই না। ভিডিওতে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানও শোনা যায়। সিজেপির দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে তারা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছেন।


এদিকে দিল্লি পুলিশ রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে। দ্য হিন্দু ও নিউজ১৮ জানিয়েছে, ২০ হাজার দিল্লি পুলিশ ও ২৩ হাজার আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে সকালে ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপির লিগ্যাল সেলের প্রধান রত্না সিংকেও আটক করা হয় বলে খবর এসেছে।

সম্পর্কিত খবর

;