স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রাথমিকভাবে তিন শহরের ১৩টি রুটে মোট ১৪টি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা ও নয়টি দ্বিতল। রাজধানীতে বাসগুলো ১০টি রুটে সপ্তাহে পাঁচ দিন চলাচল করবে। ঢাকার বাসগুলো ১৬০টি স্টপেজে যাত্রীসেবা দেবে। চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টি স্টপেজ রাখা হয়েছে।
বিআরটিসি জানিয়েছে, পিংক বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালনা করা হবে। বাস চালানোর জন্য ইতোমধ্যে ১৫ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নারী যাত্রীদের পাশাপাশি কর্মরত নারী চালক ও সহকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাসগুলোতে সিসি ক্যামেরা ও জিপিএস সংযোজন করা হয়েছে।
এ সেবায় ই-টিকিটিং ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই টিকিট সংগ্রহ করতে পারবেন। বিআরটিসির এ উদ্যোগের মূল লক্ষ্য গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এ সেবার মান নিয়মিত উন্নত করতে হবে। যাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় ভবিষ্যতে নতুন রুট চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান তিনি।
সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি) যুক্ত করার উদ্যোগের কথাও জানিয়েছেন মন্ত্রী। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব বাস যুক্ত হলে পিংক বাস সার্ভিসের রুট ও পরিধি আরও বাড়বে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, নতুন এ উদ্যোগ যেন কয়েক মাস পর হারিয়ে না যায়, সেটি নিশ্চিত করতে হবে। নারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে এ বাসে চলাচল করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং সেবাটিকে টেকসই ও আরও সমৃদ্ধ করাই এখন প্রধান লক্ষ্য।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: দেশ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।তিনি বলেন, বিআরটিসির ‘পিং বাস’ নারী যাত্রীদের নিরাপদ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাক ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
সব মন্তব্য
No Comments