আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিধ্বস্ত বিমানটি আন্তোনভ এএন-১২ মডেলের। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে জনশূন্য এলাকায় বিমানটি আছড়ে পড়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি একটি নির্ধারিত ফ্লাইটে ছিল। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটি বা যন্ত্রপাতির গোলযোগকে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সব পরিস্থিতি খতিয়ে দেখতে রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সের একটি কমিশন ঘটনাস্থলে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগেই বিমানটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে এটি দ্রুত নিচের দিকে নামতে থাকে এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজেও দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে এবং এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে উঠতে দেখা গেছে। ফুটেজটির সময় ও স্থান যাচাই করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হওয়ায় আগুন ধরে গিয়েছিল। এর ফলে নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ে এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে এক বার্তায় ইয়াগুনোভো এলাকায় বিমান দুর্ঘটনার কথা জানান। পরে ঘটনাস্থল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, দুর্ঘটনার আগে বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছিল। তিনি জানান, দুর্ঘটনার পর লাগা আগুন জরুরি উদ্ধারকর্মীরা নিভিয়ে ফেলেছেন।
গভর্নর আরও জানান, ঘটনাস্থলে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়, ন্যাশনাল গার্ড ও দুর্যোগ চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত অপারেশনাল সদর দপ্তর কাজ করছে। আঞ্চলিক প্রশাসন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে থাকা কর্মীদের প্রধান কাজ হলো দুর্ঘটনার তদন্তে সহায়তা করা।
এদিকে রাশিয়ার শীর্ষ অপরাধ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি ফ্লাইট নিরাপত্তা বিধি লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। রাশিয়ায় বিমান দুর্ঘটনার পর এ ধরনের তদন্ত সাধারণ প্রক্রিয়া হিসেবে করা হয়ে থাকে।
উল্লেখ্য, আন্তোনভ এএন-১২ হলো সোভিয়েত আমলে তৈরি চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। ১৯৫০-এর দশকের শেষ দিক থেকে এটি সার্ভিসে রয়েছে। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও এই সিরিজের বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাধারণত এতে ৬ জন ক্রু থাকেন, তবে দুর্ঘটনার শিকার বিমানটিতে মোট ১৯ জন ছিলেন বলে নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রফিকুল ইসলাম সুজন: তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ এখন শেষ পর্যায়ের দর কষাকষিতে প্রবেশ করেছে। ৯ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা শুক্রবার, ২ ...
আন্তর্জাতিক ডেস্ক:ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ চলাচল। গত ২৪ ঘণ্টায় একাধিক জাহাজে হামলা ও আগুনের ঘটনার খবর পাওয়া গেছে। ইরানের নৌবাহিনী ও বিপ্লবী গার্ডের দাবি, নৌ-মাইনের আঘাতে ...
রফিকুল ইসলাম সুজন: তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। আন্তালিয়া এক্সপো সেন্টারে ৯ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন চলবে ২০ নভেম্বর ...
আন্তর্জাতিক ডেস্ক: চার ঘণ্টার বেশি সময় ধরে চলা দেশব্যাপী ফ্লাইট স্থগিতাদেশ প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ ...
সব মন্তব্য
No Comments