রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় শূন্য হলো মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন

প্রকাশ : 22 Aug 2026
রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় শূন্য হলো মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন

স্টাফ রিপোর্টার: সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৪ উপধারা অনুযায়ী রাষ্ট্রপতির পদে দায়িত্ব গ্রহণের সঙ্গে সংসদ সদস্য ও মন্ত্রীর পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়। সে নিয়মেই ২১ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।


সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক জনসংযোগ মো. রাশেদ মিজান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এলডিপি চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমেদ পান ৮ ভোট। ৬ জন সংসদ সদস্য ভোটদানে বিরত থাকেন।


নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল। শপথের মাধ্যমেই তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করেন। চিফ হুইপ নূরুল ইসলাম মনি আগেই জানিয়েছিলেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুলের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে।


মির্জা ফখরুল ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।


আসন শূন্য হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে। এদিকে আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন বলেছেন, শপথ ও গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে আসন শূন্য হবে। এরপর দলের হাইকমান্ড প্রার্থী চূড়ান্ত করবে।


উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা ছিল।

সম্পর্কিত খবর

;