ডেস্ক রিপোর্ট: কাল ১ অক্টোবর থেকে অবৈধ কোনো মোবাইল সেট চলবে না। সেটে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সেট অবৈধ হলে যে কোনো সময় বন্ধের সতর্কতা দিয়ে বার্তা আসবে। পাশাপাশি বৈধ কাগজপত্র থাকলে তা দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বৈধ কাগজপত্র না থাকলে বা সেটটি বৈধ না হলে সংক্রিয়ভাবে সেটি অচল হয়ে যাবে।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম বলেন, গত পহেলা জুলাই থেকে তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার-এনইআইআর চালু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সেই সময় শেষ হচ্ছে। পহেলা অক্টোবর থেকে কোনোভাবেই আর অবৈধ বা নকল সেট ব্যবহার করা যাবে না। এ সময়ের মধ্যে যে সেটগুলো ব্যবহার হয়েছে সেগুলো সার্ভারে সংযুক্ত হয়ে যাবে। নতুন যেসব সেট যুক্ত হবে সেগুলো অবশ্যই বৈধ সেট হতে হবে।
এদিকে বিটিআরসি সূত্রে জানা গেছে, দেশে প্রতিদিন ১ লাখ ১০ হাজার নতুন মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন হচ্ছে, যেগুলোর মধ্যে প্রায় ১০ শতাংশই অবৈধ ও নকল বলে ধরা পড়ছে। এ হিসেবে প্রতিদিন গ্রাহকের হাতে আসা ১১ হাজার অবৈধ ও নকল হ্যান্ডসেট চিহ্নিত হচ্ছে। জানা গেছে, এই সেটগুলো আপাতত বন্ধ হচ্ছে না। তবে এসব সেট চালু হওয়া মাত্রই গ্রাহকের কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাচ্ছে যে, তার সেটটি ‘অবৈধ বা নকল’।
বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে নকল বা অবৈধ হ্যান্ডসেটের ব্যাপারে আর ছাড় দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। বিটিআরসির কমিশনার (স্পেকট্রাম) এ কে এম শহীদুজ্জামান বলেন, পহেলা অক্টোবর থেকে কোনোভাবেই আর নকল সেট চালানো যাবে না। সেটটি চালু করার সঙ্গে সঙ্গে সংক্রিয় বার্তা চলে যাবে। বৈধ কাগজপত্র থাকলে রেজিস্ট্রেশন করা যাবে। না থাকলে যেখান থেকে গ্রাহক কিনেছেন সেখানে যোগাযোগ করে বদলে নিতে হবে। অবৈধভাবে দেশে আনা কোনো সেট আর কোনোভাবেই চালু করা যাবে না।
অবৈধ সেট বন্ধের প্রক্রিয়া ১ অক্টোবর থেকে পুরোপুরি শুরু হচ্ছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, আর কোনো নমনীয়তা থাকবে না, ১ অক্টোবর থেকে অবৈধ ও নকল হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল থাকতে পারবে না। এ ব্যাপারে বিটিআরসির কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিটিআরসি কঠোর অবস্থানে থাকবে।
হ্যান্ডসেট কেনার আগে যা করতে হবে : পহেলা অক্টোবর থেকে যে কোনো মাধ্যমে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা যাচাই করতে হবে। সেজন্য একটি পদ্ধতি অনুসরণের পাশাপাশি হ্যান্ডসেটের ক্রয় রসিদ সংরক্ষণ করতে বলছে বিটিআরসি। মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে space দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখতে হবে। এরপর ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজ মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
বিদেশ থেকে আনা হ্যান্ডসেট যেভাবে নিবন্ধন হবে : বিদেশ থেকে বৈধভাবে কিনে আনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট দেশে চালু করার পর স্বয়ংক্রিয়ভাবেই নেটওয়ার্কে সচল হবে। এ ধরনের গ্রাহককে ১০ দিনের মধ্যে অনলাইনে তথ্য দিয়ে নিবন্ধন করার জন্য এসএমএস পাঠানো হবে। ১০ দিনের মধ্যে নিবন্ধন হয়ে গেলে ঐ হ্যান্ডসেট ‘বৈধ’ বিবেচিত হবে। আর তা না হলে হ্যান্ডসেটটি অবৈধ বিবেচনা করে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
হাতের সেটটি বৈধ কি-না জানবেন কীভাবে : যে কেউ চাইলে তার হাতে থাকা মোবাইল হ্যান্ডসেটের বর্তমান অবস্থা জেনে নিতে পারেন। মোবাইল হ্যান্ডসেটে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে। স্ক্রিনে অপশন এলে Status Check সিলেক্ট করতে হবে। তখন একটি অটোমেটিক বক্স আসবে, সেখানে মোবাইল হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইইএমআই নম্বরটি লিখে পাঠাতে হবে। গ্রাহকের মোবাইলে তখন হ্যাঁ/না অপশন সংবলিত একটি অটোমেটিক বক্স আসবে। তাতে হ্যাঁ Select করে নিশ্চিত করতে হবে। ফিরতি মেসেজে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি ...
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্ম ...
সব মন্তব্য
No Comments