জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের মধ্যে ২৪ জন কারামুক্ত

প্রকাশ : 08 Oct 2026
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের মধ্যে ২৪ জন কারামুক্ত

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার ৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে তাঁরা মুক্তি পান।


জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন লাভের পর তারা মুক্তি পেয়েছেন। গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে একজনের পিতার নামের বানানে ভুল থাকায় জামিন পাওয়ার পরও আজ মুক্তি পাননি। তিনি জাসদ কার্যালয়ের নিচের দোকানের কর্মচারী। আশা করা হচ্ছে তিনি আগামীকাল মুক্তি পাবেন। এছাড়া গাজীপুর মহানগরের জাসদের ২ জন নেতার জামিনের আবেদনের শুনানি হবে ১১ অক্টোবর। আশা করা যায় ওইদিন তারা জামিন লাভ করে মুক্তি পাবেন।


প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশ অভিযান চালায়। গণমাধ্যমের খবরে বলা হয়, ওইদিন ২৮৯ জনকে আটক করা হয়েছিল এবং পরে তাদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। অন্য একটি হিসাবে ২৭৮ জনকে আটক করে পরিচয় যাচাই শেষে ২৪৯ জনকে ছেড়ে দেওয়ার কথাও জানানো হয়।


পুলিশের ৫৪ ধারায় গ্রেপ্তারের আবেদনে বলা হয়েছিল, দায়িত্ব পালনকালে জাসদ কার্যালয়ের ভেতরে ওই ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। জাসদের দাবি, এটি পূর্বনির্ধারিত প্রতিনিধি সভা ছিল এবং পুলিশকে আগেই অবহিত করা হয়েছিল।


আজ মুক্তি পাওয়ার পর কারাগার ফটকে মুক্ত নেতাদের ফুলের মালা দিয়ে স্বাগত জানান দলের নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

;