শর্ত সাপেক্ষে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন নারীরা

প্রকাশ : 26 Mar 2022
No Image

ডেস্ক রিপোর্ট: নারীদের ওমরাহ পালনে দীর্ঘদিনের পুরনো রীতি বাতিল করেছে সৌদি আরব। কোনও পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা। তবে মানতে হবে একটি শর্ত। সেটি হলো একটি দলের অংশ হিসাবে ওমরাহ পালনে যেতে হবে নারীদের।

এছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের আংশিকভাবে টিকা নেওয়া থাকতে হবে। অর্থাৎ কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে তাদের। পাশাপাশি তাদের কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

গত বছর সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের ‌‌‘মাহরাম’ ছাড়াই হজ পালনের অনুমতি দেয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়।
তেল-নির্ভর অর্থনীতি থেকে রক্ষণশীল সৌদি আরবকে বের করে আনতে ব্যাপক সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পশ্চিমা দুনিয়ায় এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবে নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানো এবং পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।-ইত্তেফাক

সম্পর্কিত খবর

;