৩৪ কোটি টাকার কম্বল কিনবে সরকার দেশজুড়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ : 03 Jan 2025
৩৪ কোটি টাকার কম্বল কিনবে সরকার দেশজুড়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন রাজনীতিবিদ ও সমাজের কিছু মানব দরদি মানুষ। শুক্রবার রাজধানীসহ দেশজুড়ে অসহায়-ছিন্নমূল ও কর্মহীণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এদিকে, শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আট বিভাগের চৌষট্টি জেলার ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য এসব টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ হওয়া কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ হওয়া টাকা দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকরা অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা এরইমধ্যে জরুরিভিত্তিতে কম্বল ক্রয় করে দুস্থদের মাঝে বিতরণ শুরু করেছেন। এতে আরও বলা হয়, কম্বল বিতরণ এবং ক্রয়ের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকরাকে নির্দেশনা দেয়া হয়েছে।

শীতার্তদের আচ্ছাদিত করলো আনসার বাহিনী: সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মালিবাগ রেলগেট, খিলগাঁও রেলগেট, শাহজাহানপুর ও রাজারবাগসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে বাহিনীটি।

জানা গেছে, বাহিনীর মহাপরিচালকের গত মাসে তেতুলিয়ায় শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক ও সামাজিক কল্যাণধর্মী এই কার্যক্রম সারা দেশে শুরু হয়। এরই ধারাবাহিকতায় একটি বিশেষ প্রতিনিধি দল গভীর রাতে ঢাকা শহরে শীতে কষ্ট পেতে থাকা মানুষদের খুঁজে বের করে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়। এদিন রেললাইন সংলগ্ন বসবাসকারী গৃহহীন মানুষ, রিকশাচালক, দিনমজুর এবং অন্যান্য দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আনসার বাহিনী শুধু জননিরাপত্তার জন্য নয়, বরং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবেও সমভাবে নিবেদিত।

রাজধানীতে খেলাফত মজলিসের শীতবস্ত্র বিতরণ: খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর উত্তরা আজমপুরে শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আব্দুল জলিল। এ সময় তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। কনকনে শীতে খোলা আকাশের নিচে অবস্থানকারী মানুষদের কষ্ট অবর্ণনীয়। এ অবস্থায় রাজধানীসহ সারাদেশে শীতবস্ত্র নিয়ে সামার্থবানের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর ছয়টি স্পট থেকে শীতবস্তু বিতরণের সিদ্ধন্ত গ্রহণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, সেক্রেটারি মাওলানা আজিজুল হক সহ নেতৃবৃন্দ।

বিএনপি নেতা তুহিনের শীতবস্ত্র বিতরণ: রাজধানীতে কনকনে শীতে ‘শীতার্ত’ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ২শতাধিক কম্বল বিতরণ করেছেন ডিএসসিসি ৬৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাইল ভুইয়া তুহিন। গতকাল শুক্রবার ভোরে গুলিস্তান ও হাইকোর্ট-দোয়েল চত্তরের সামনে খোলা আকাশের নিচে বসবাসরত ছিন্নমূল-অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় ইসমাইল ভুইয়া তুহিন বলেন, প্রতি বছর তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান এবং অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান শ্রেণির উদ্যোগ শীতার্তদের বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

বশেমুরকৃবি শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ: ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) শুভসংঘ, বশেমুরকৃবি শাখা শীতবস্ত্র বিতরণ করেছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত মানবদিবস শ্রমিকদের মাঝে বুধবার খ্রিস্টীয় বছরের প্রথম দিনে নতুন কৃষি অনুষদ ভবনের নিচ তলায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এ শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর উপস্থিত শীতার্ত শ্রমিকদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন। 

ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ: সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ করা  হয়েছে।উপজেলার পলাশবাড়ী এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রায় ৫'শ নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এসময়  মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ছাত্রদল সব সময় দেশের জনগণের পাশে থেকেছে, এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুনাক: শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। পুনাক শরীয়তপুরের সভানেত্রী কামরুন নাহার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ-উজ-জামান ও মো. আদিবুল ইসলাম। এসময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, আমরা চেয়েছি এই মানুষগুলোও আমাদের মতো একটু উষ্ণতা উপভোগ করুক। আমরা মনে করি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। আমরা এভাবে তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে কামরুন নাহার পপি বলেন, পুনাক সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে। ভবিষ্যতে পুনাকের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

;