১৭ জুলাই পবিত্র আশুরা

প্রকাশ : 06 Jul 2024
১৭ জুলাই পবিত্র আশুরা


 

স্টাফ রিপোটার: বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৭ জুলাই রবিবার পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৮ জুলাই সোমবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা করা হবে। পরিপ্রেক্ষিতে, ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা পালিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার।

 

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জিলহজ ১৪৪৫ হিজরি, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জুলাই ২০২৪ খ্রি. শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জুলাই ২০২৪ খ্রি. রবিবার পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জুলাই ২০২৪ খ্রি. সোমবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। পরিপ্রেক্ষিতে, আগামী ১০ মুহাররম ১৪৪৬ হিজরি, ২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ জুলাই ২০২৪ খ্রি. বুধবার পবিত্র আশুরা পালিত হবে।

 

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়াকফ প্রশাসক মোঃ গোলাম কবীর, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব গাজী তারিক সালমন, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ রুহূল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, লালবাগ শাহী জামে মসজিদের সহকারী খতিব হাফেজ মাওলানা মুফতী আদনান মুহাম্মদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;