সংসদে সরকারদলীয় বৈঠক

বিএনপির নাম ভাঙিয়ে কেউ পার পাবে না :প্রধানমন্ত্রী

প্রকাশ : 11 Oct 2026
বিএনপির নাম ভাঙিয়ে কেউ পার পাবে না :প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সংসদ সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে সরকারের সংসদীয় কৌশল নির্ধারণ, আসন্ন অধিবেশনে উত্থাপিতব্য বিল, অধ্যাদেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় এমপিদের উদ্দেশে কঠোর বার্তা দেন। তিনি বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ পার পাবে না।”


প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির নাম ও পরিচয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য। কাউকে হয়রানি, চাঁদাবাজি, দখলবাজি বা মামলা বাণিজ্য করার জন্য নয়। বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই।”


তিনি আরও বলেন, বিএনপি সরকার সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। যেই হোক না কেন, দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।


সভায় উপস্থিত একাধিক এমপি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত, দায়িত্বশীল ও জনবান্ধব থাকার নির্দেশ দিয়েছেন। সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


সভায় বিএনপির চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচি, সারাদেশে খাল খনন পরিকল্পনা, ডেঙ্গু প্রতিরোধ এবং আসন্ন শীত মৌসুমে খাদ্য নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।


সভা শেষে দলীয় সূত্র জানায়, আগামীকাল সোমবারের সংসদ অধিবেশনে সরকার অত্যন্ত সুশৃঙ্খল ও গঠনমূলক ভূমিকা রাখবে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে জোরালো অবস্থান নেবে।


সম্পর্কিত খবর

;