এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্র্যাক। প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক বছরে দেশের প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ ব্র্যাকের বিভিন্ন সেবা ও সহায়তার আওতায় এসেছে। এই সংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রতি ৭ জনে ১ জনের সমান। সেবা পাওয়া মানুষের মধ্যে ১ কোটি ৯০ লাখ নারী এবং ২ লাখ ২৩ হাজারের বেশি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। ব্র্যাকের সরাসরি সেবা পাওয়া প্রতি ৩ জনের মধ্যে ২ জনই নারী। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, দুর্যোগ ও সংকট মোকাবিলা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ নানা খাতে এই সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার ১১ মে ২০২৬ মহাখালীর ব্র্যাক সেন্টারে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বার্ষিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ। বার্ষিক প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন ব্র্যাকের পরিচালক আ ফ ম শহিদুর রহমান। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, প্রথম আলোর ইংরেজি ওয়েবের প্রধান আয়েশা কবির, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ঢাকা ট্রিবিউন সম্পাদক রিয়াজ আহমেদ ও অ্যাসোসিয়েট প্রেসের ব্যুরো চিফ জুলহাস আলম।
আসিফ সালেহ্ জানান, আগামী পাঁচ বছরে ব্র্যাক পাঁচটি মূল নীতির ওপর ভিত্তি করে কার্যক্রম পরিচালনা করবে। নীতিগুলো হলো: নারী ও যুবসমাজকে কার্যক্রমের কেন্দ্রে রাখা, সমাজের অংশ হয়ে কাজ করা, শেষ প্রান্তের মানুষের কাছে আগে পৌঁছানো, সরকারের সঙ্গে মিলে জাতীয় সক্ষমতা গড়ে তোলা এবং ব্র্যাক পরিবারের পূর্ণ শক্তিকে কাজে লাগানো। তিনি বলেন, পরিবর্তিত সমাজ ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান তৈরি করাই ব্র্যাকের লক্ষ্য। মানসিক স্বাস্থ্য, ডে-কেয়ার সেন্টার, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবাসহ নতুন উদ্যোগের মাধ্যমে ব্র্যাক আগামী দিনে আরও সমন্বিত ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। ক্ষুদ্রঋণ কর্মসূচি, সামাজিক উদ্যোগ এবং সীমিত পরিসরের দাতা সহায়তার সমন্বয়ে ব্র্যাক এখন আরও বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠছে।
কেএএম মোর্শেদ বলেন, দেশের মানুষের কাছে জবাবদিহি করা ব্র্যাকের জন্য শুধু মুখের কথা নয়, এটি একটি চর্চা। কোভিড-১৯, বন্যা কিংবা যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে অথবা দেশের যেকোনো সম্ভাবনায় ব্র্যাক স্বতঃস্ফূর্তভাবে পাশে ছিল। ব্র্যাক বিশ্বজুড়ে বিস্তৃত হলেও কাজের কেন্দ্রে থাকে মানুষ ও তাদের অংশগ্রহণ।
বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুদ্রঋণ, আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আয় ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে ব্র্যাক। মোট ঋণ সহায়তার পরিমাণ ২৯ হাজার কোটি টাকা থেকে বেড়ে সাড়ে ৪৮ হাজার কোটি টাকা হয়েছে। গত পাঁচ বছরে দারিদ্র্য বিমোচনে প্রায় ১ হাজার কোটি টাকার সম্পদ দেওয়া হয়েছে। ৩ লাখ ১২ হাজার অতিদরিদ্র পরিবার অতিদারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। স্বাস্থ্য খাতে গত পাঁচ বছরে ২১ লাখ মা নিরাপদ প্রসবসেবা পেয়েছেন। ৩৫ লাখ মানুষের অসংক্রামক ব্যাধি, প্রতিবন্ধিতা ও চোখের সমস্যা শনাক্ত হয়েছে। ১০ লাখের বেশি যক্ষ্মা রোগী শনাক্ত ও চিকিৎসার আওতায় এসেছেন। শিক্ষা কার্যক্রমে গত পাঁচ বছরে ৬ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী ব্র্যাকের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে, যাদের ৫৬ শতাংশ ছাত্রী। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মেধাবিকাশ বৃত্তি দেওয়া হয়েছে। ১ হাজার ৭৪০টি স্কুলে ৮ লাখ ৮ হাজার শিক্ষার্থীর জন্য নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ও হাত ধোয়ার সুবিধা নিশ্চিত করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহনশীলতায় জলবায়ু সহিষ্ণু কৃষি, নিরাপদ পানি, অভিযোজন ক্লিনিক এবং দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে কাজ করছে ব্র্যাক। প্রায় ১১ লাখ দুর্যোগকবলিত পরিবার মানবিক সহায়তা পেয়েছে। ১ লাখ ৩৩ হাজার পরিবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপযুক্ত সমাধান পেয়েছে। ১ লাখ ৫ হাজার ৭২৯ জন দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ পানি পেয়েছেন। নারী ও পুরুষের সমঅধিকার নিশ্চিতে নারী, কিশোরী ও তরুণদের নেতৃত্ব বিকাশ, আইনি সহায়তা এবং বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছে ব্র্যাক। গত পাঁচ বছরে ৯৮ হাজার ৬০০ নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করেছেন এবং আইনি সহায়তা পেয়েছেন। ১ লাখ ২ হাজার কিশোরী আত্মবিশ্বাস বৃদ্ধি এবং লক্ষ্য অর্জনে সহায়তা পেয়েছেন। ২০২৫ সালে অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ উদ্যোগে ২ হাজার ২৩৭টি বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে।
আগামী পাঁচ বছরে নারী ও যুবসমাজকে কেন্দ্র করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেবে ব্র্যাক। সমন্বিত উন্নয়নের ৭টি অগ্রাধিকারের মাধ্যমে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি, ১৯ লাখ শিক্ষার্থীর শিখন ঘাটতি পূরণ, ২ কোটি মানুষকে আর্থিক সেবার আওতায় আনা, প্রতি বছর ১ লাখ ৫০ হাজার কোটি টাকা ঋণ দেওয়া, চর, হাওর, পার্বত্য চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় ২০০টি নতুন আর্থিক সেবাকেন্দ্র চালু, বছরে ১ লাখ পরিবারকে আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন সম্পন্ন করানো, শহরাঞ্চলে আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি ১৭ জেলা থেকে ৩০ জেলায় সম্প্রসারণ, জলবায়ু-ঝুঁকিপূর্ণ ২০টি জেলায় বিশেষ গুরুত্ব, ১২ লাখ ৫০ হাজার নারী কৃষকের কাছে সহায়তা পৌঁছানো, ২৬৮টি উপজেলায় ৬৫ হাজার কিশোরীকে সহায়তা, ২৬৮টি লিগ্যাল এইড ক্লিনিকের মাধ্যমে আইনি সেবা সহজলভ্য করা এবং ৩৯ জেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশের প্রথম বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশবান্ধব উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং প্রাসঙ্গিক অর্থনৈতিক ঝুঁকি ও সম্ভাবনার বিজ্ঞানভিত্তিক তথ্য প্রকাশ করেছে ব্র্যাক। ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বা আইএফআরএস প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনটি আইএফআরএস ডিসক্লোজার স্ট্যান্ডার্ডসের চারটি মূল অংশ—প্রাতিষ্ঠানিক কাঠামো, পরিকল্পনা ও পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বর্তমানের পরিমাপক ও ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের ওপর সাজানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গত ০৭ মে থেকে ০৯ মে পর্যন্ত চলা ফার্স্ট সেল ক্যাম্পেইনে অভূতপূর্ব সাড়া পেয়েছে। তাদের রিয়েলমি সি১০০আই ডিভাইসটি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। প ...
স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টিসিবির কার্যক্রমকে প্রশ্নাতীত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে আজ ঢাকায় ...
ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্ ...
স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পত ...
সব মন্তব্য
No Comments