সৌদিতে ওমরাহ শেষে সড়ক দুর্ঘটনা: রামগঞ্জের একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

প্রকাশ : 16 Feb 2026
সৌদিতে ওমরাহ শেষে সড়ক দুর্ঘটনা: রামগঞ্জের একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও এক কিশোরী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে জেদ্দা থেকে নিজ বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় রাত প্রায় ৩টার দিকে ঘটনাটি ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহতরা হলেন—রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), তাদের স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী কন্যা সুবহা আক্তার। একই দুর্ঘটনায় গাড়িচালক মো. জিলানী বাবর (৩০) নিহত হন। তিনি একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় মিজানুর রহমানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছেন। তাকে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, প্রবাসী মিজানুর রহমান গত ৩ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের বাসা থেকে রওনা হন। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে রোববার রাতে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিহতের বড় ভাই বাহারুল আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা স্তব্ধ হয়ে গেছি। একই পরিবারের এতজনকে একসঙ্গে হারানো কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিজানের বাবা শহীদ উল্যাহ শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বলে স্থানীয়রা জানান।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

স্থানীয় প্রশাসন ও প্রবাসী বাংলাদেশিরা মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। এদিকে আহত ফাইজার সুস্থতার জন্য এলাকাবাসী দোয়া কামনা করেছেন।

সম্পর্কিত খবর

;