অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দ্বার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে ফরিদপুরসহ আশপাশের জেলার শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রশাসনিক ও একাডেমিক সেবায় নতুন গতি পাবে বলে আশা সংশ্লিষ্টদের।
বৃহস্পতিবার (৭ মে) সকালে শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জাহানারা আজিজ মেনশনের নিচতলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কার্যক্রমের সূচনা করেন অতিথিরা। পরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।
উদ্বোধনের পর ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবলু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এটিএম জাফর হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা।
উপাচার্য আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। ফরিদপুরে আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও কার্যকর সেবা পাবে।
শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সেবাবান্ধব করতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আঞ্চলিক অফিস সেই উদ্যোগেরই একটি অংশ। “নারীদের শিক্ষার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্নাতক পর্যন্ত অবৈতনিক করেছেন। নারীদের ক্ষমতায়নে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে”, বলেন তিনি।
দলীয় সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, “আমাদেরকে যারা ভোট দিয়েছেন বা দেননি আমরা সকলেই প্রতিনিধিত্ব করছি।”
বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপিত হওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। প্রশাসনিক ও একাডেমিক নানা কার্যক্রম সম্পন্ন করতে আর গাজীপুরে ছুটতে হবে না শিক্ষার্থীদের। ফলে সময় ও অর্থ—উভয়েরই সাশ্রয় হবে।
তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, নতুন এই কেন্দ্র শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আধুনিক ও সহজতর সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আলোচনায় বক্তারা আরও বলেন, ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও গত দেড় দশকে নানা সীমাবদ্ধতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এর প্রভাব দেশের সামগ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থাতেও পড়েছে বলে মন্তব্য করেন তারা।
এতদিন ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো আঞ্চলিক শাখা না থাকায় জেলার কলেজগুলোকে প্রশাসনিক নানা জটিলতার মুখোমুখি হতে হতো। নতুন এ কেন্দ্র চালুর ফলে ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা দ্রুত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটি ১২তম আঞ্চলিক কেন্দ্র।
বক্তারা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও শিক্ষামুখী সমাজ গঠনের আহ্বান জানান। একইসঙ্গে প্রতিটি উপজেলায় পাঠাগার স্থাপন এবং যুবসমাজকে খেলাধুলামুখী করতে পর্যাপ্ত খেলার মাঠ নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন।
নতুন এই আঞ্চলিক কেন্দ্রের যাত্রা ফরিদপুর অঞ্চলের উচ্চশিক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করলো। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি কমে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাশাপাশি এ উদ্যোগ শিক্ষা, সংস্কৃতি ও তরুণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সবাই।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
স্টাফ রিপোর্টার: ৬ মে ২০২৬ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ তিন ছাত্রীকে বহিষ্কার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্রী হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শি ...
ডেস্ক রিপোর্ট: আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষা-২০২৬ (গ্রীষ্মকালীন সেশন) ঢাকা মহানগরীর তিনটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠি ...
ডেস্ক রিপোর্ট: সদ্য গ্র্যাজুয়েটদের জন্য শিক্ষাজীবন শেষে কর্মজীবনে প্রবেশ অনেক সময়ই চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এই বাস্তবতা মাথায় রেখে এবং কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ‘ক্যাম্পাস টু করপোরেট ...
সব মন্তব্য
No Comments