স্টাফ রিপোর্টার: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বঙ্গভবন থেকে বিদায় জানিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তাঁর শেষ কর্মদিবস উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
বঙ্গভবনের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ২৪ জুলাই ২০২৬ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়াবিদ, চৌকস সেনা কর্মকর্তা ও অভিজ্ঞ রাজনীতিবিদ।
যেভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন
এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। ওই দিন বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়া হয় এবং বিকেল ৫টা ১ মিনিটে তা গ্রহণ করা হয়।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনও জারি করে।
দায়িত্ব গ্রহণের পর ২৮ জুলাই প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন হাফিজ উদ্দিন আহমদ। সেদিনও পিজিআরের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং বঙ্গভবনের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ২৬ জুলাই সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিনেই বিদায়
হাফিজ উদ্দিন আহমদের বঙ্গভবন থেকে বিদায়ের দিনই দেশে অনুষ্ঠিত হচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সময় নির্ধারিত রয়েছে।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে হাফিজ উদ্দিন আহমদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বের অবসান ঘটবে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বঙ্গভবনে তাঁর শেষ কর্মদিবসে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হবে।
স্টাফ রিপোর্টার: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১১ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে ...
স্টাফ রিপোর্টার: ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
সব মন্তব্য
No Comments