ঈদযাত্রা
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদযাত্রার অগ্রিম টিকিট ১৩ মে থেকে এবং ফেরত যাত্রার টিকিট ২১ মে থেকে শতভাগ অনলাইনে বিক্রি হবে।
১৩ মে বিক্রি হবে ২৩ মে তারিখের যাত্রার টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে তারিখের টিকিট। ঈদ ফেরত যাত্রার ক্ষেত্রে ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি হবে যথাক্রমে ৩১ মে, ১, ২, ৩ ও ৪ জুন তারিখের টিকিট। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ একবার করে চারটি করে টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টারে পাওয়া যাবে।
২৩ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রত্যাহার করা হবে। ঈদের পরে আবার সাপ্তাহিক অফ-ডে কার্যকর হবে। ঈদের আগে ২৩ মে থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনেও টিকিট দেওয়া হবে না। ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে না।
কোরবানির পশু পরিবহনে তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে। ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ বাজার থেকে ২২ মে সন্ধ্যা ৬টায় ছেড়ে ২৩ মে ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকা বা তেজগাঁও বা ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে। ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ২২ মে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে ২৩ মে রাত ১টা ৪০ মিনিটে পৌঁছাবে। ক্যাটেল স্পেশাল-৩ দেওয়ানগঞ্জ বাজার থেকে ২৩ মে সন্ধ্যা ৬টায় ছেড়ে ২৪ মে ভোর ৫টা ৫০ মিনিটে পৌঁছাবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ ২৬টি কোচ থাকবে।
ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ও ৪, জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ চলবে ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন। শুধু ঈদের দিন চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮।
গত ৫ মে রেলভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ডিএমপি কমিশনার মোঃ সরওয়ার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় টিকিটের কালোবাজারি প্রতিরোধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ, স্টেশনে টিকিটধারী যাত্রীদের সহজ প্রবেশ নিশ্চিত, বিনা টিকিটের যাত্রী ঠেকাতে জিগজ্যাগ বেষ্টনী তৈরি, ঢাকা ও বিমানবন্দর স্টেশনের অরক্ষিত প্রবেশপথে অস্থায়ী বেষ্টনী নির্মাণ, খিলগাঁও ও আশকোনা রেলগেটে ক্যাম্প স্থাপনসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়। রেললাইনের পাশে কোরবানির পশুর হাট স্থাপন না করা, স্থাপন হলে শক্ত ঘেরাবেষ্টনী দেওয়া এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও রেল কর্তৃপক্ষকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদের তিন দিন আগে থেকে ঈদের পরের দিন সকাল ৬টা পর্যন্ত জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া সব গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনের সময়ানুবর্তিতা রক্ষায় পৃথক মনিটরিং সেল গঠন, আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন, রিলিফ ট্রেন প্রস্তুত রাখা, রেললাইনে নিয়মিত পেট্রোলিং এবং যাত্রাবিলম্ব হলে মোবাইল মেসেজ ও ঘোষণার মাধ্যমে যাত্রীদের জানানোর সিদ্ধান্ত হয়েছে।
টিকিট কালোবাজারি ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে এবং রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ চালু করা হবে। যাত্রীসেবা নিশ্চিত করতে কলসেন্টার ১৩১ আরও কার্যকর করা হবে। মোবাইল কোর্ট পরিচালনা, ভিজিলেন্স টিম গঠন এবং দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সেল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এসব তথ্য জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: অভিবাসীদের অধিকার রক্ষা, অনিয়মিত অভিবাসন ঠেকানো, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা বাড়ানো এবং ন্যায়বিচারে অভিবাসীদের প্রবেশাধিকার সম্প্রসারণে বিশ্বজুড়ে সমন্বিত উ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ইদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার, ৭ মে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাতে মন্ত্রিপরিষদ ব ...
স্টাফ রিপাের্টার: প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন এনেছে সরকার। বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পাশাপাশি নতুন পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক র ...
সব মন্তব্য
No Comments