স্টাফ রিপাের্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে আজ চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার সকাল ৬টায় একই এলাকায় ১৫ দশমিক ৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪ দশমিক ৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল বুধবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার ভোর ৩টায় এটি চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা ও পায়রা বন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১১৮ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, অর্নব মঙ্গলবার সকালে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল এবং বিশাখাপত্তনমের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপটলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২ মিনিটে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিশেষ টোকিও: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানান। ...
স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার যদি অনুমতি দেয় এবং প্রয়োজন হয়, তবে পুলিশ ‘ক্রসফায়ার’ করতেও পিছপা হবে না বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ যে মন্তব্য করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্য ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা আক্কাস আলী, এটি তার ছদ্মনাম। পেশায় ফল বিক্রেতা আলীর একমাত্র ছেলে বয়স প্রায় চার বছর। তিনি ভেবে রেখেছিলেন যে, বছরখানেক পরেই তাকে স্থানীয় একটি কওমি মাদ্রা ...
সব মন্তব্য
No Comments