ভোট প্রদানে সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োগ হবে
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় সংসদ সচিবালয়। দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এতে চলতি সংসদের ৩৪৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। অনুপস্থিত কোনো সদস্যের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ পাবেন না।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ফল ঘোষণা করা হবে। এরপর ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। শুক্রবার নির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে অন্য প্রার্থীকে ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদের লঙ্ঘন হবে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ চলে যেতে পারে। কোনো সদস্য সুস্থ অবস্থায় উপস্থিত থেকে ভোট না দিলেও তা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান হিসেবে বিবেচিত হতে পারে বলে জানান তিনি।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা হয়নি। প্রতিবারই একক প্রার্থী থাকায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ফলে সংসদ কক্ষে ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী এবার নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য সংসদ কক্ষে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হবে এবং সিইসি এতে সভাপতিত্ব করবেন।
বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য হওয়ায় ওই আসনে কোনো ভোটার নেই।
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ। গত ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। গত মঙ্গলবার বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে।
বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলীয় ২৪৭ সংসদ সদস্য বিএনপি জোটের ভোট ২৫০। বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে রয়েছেন জামায়াতের ৭৭ জনসহ জোটের ৯০ জন। ৩৪৯ সদস্যের বর্তমান ভোটার তালিকায় দুই শিবিরের বাইরে রয়েছেন মাত্র ৮ জন স্বতন্ত্র ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন সংসদ সদস্য ভোটার।
আইন অনুযায়ী, প্রত্যেক সংসদ সদস্যের জন্য নির্দিষ্ট ব্যালট থাকবে। ব্যালটে সংশ্লিষ্ট সদস্যকে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে পছন্দের প্রার্থীর নামের বিপরীতেও স্বাক্ষর করতে হবে। এ কারণে বিদেশে অবস্থানরত, অসুস্থ বা অন্য কোনো কারণে ভোটকক্ষে অনুপস্থিত সদস্যের ভোট অন্য সদস্য, দূতাবাস বা অনলাইনের মাধ্যমে দেওয়ার সুযোগ নেই। কোনো সদস্য ভোট দিতে না পারলে তাঁর ভোট গণনায় আসবে না। তবে ভোট না দেওয়ার জন্য আইনে জরিমানা বা সদস্যপদ বাতিলের মতো নির্দিষ্ট শাস্তির বিধান নেই।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি শেষ হয়েছে। চিফ হুইপ ও হুইপদের সঙ্গে সমন্বয় সভা করে সংসদ সদস্যদের উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক ও অতিথিদের জন্য গ্যালারি পাসও ইস্যু করা হয়েছে। অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠান বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। ভোট শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষে ফল ঘোষণা করা হবে এবং এরপর গেজেট প্রকাশ করা হবে।
রাজনৈতিক হিসাবেও এবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল অনেকটাই স্পষ্ট। সংসদে বিএনপি ও সমমনা সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে বিরোধী প্রার্থী অলি আহমদের পক্ষে কত ভোট পড়বে এবং দলীয় অবস্থানের বাইরে কোনো ভোট যায় কি না, সেটিই ভোটের দিনের আলোচনার কেন্দ্রে থাকবে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।
চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথের আয়োজন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের নবম তলায় অনুষ্ঠিত সভায় সংসদ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি কালের কন্ঠকে জানান, সভায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানানো হয়েছে। সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট:২৬ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করা হবে। এ দিনটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার।গত ১৩ আগস্ট ঈদ ...
স্টাফ রিপোর্টার: হালাল খাবার বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত হয়েছে যা শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানবসভ্যতার জন্যও একটি সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে বলে মন্তব্য ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বড় ধরনের ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফ ...
ডেস্ক রিপোর্ট: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গ ...
সব মন্তব্য
No Comments