কামরাঙ্গীরচরে গৃহবধূর নেতৃত্বে ডাকাতি, গ্রেফতার ৪

প্রকাশ : 22 Jul 2026
কামরাঙ্গীরচরে গৃহবধূর নেতৃত্বে ডাকাতি, গ্রেফতার ৪


স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো জিয়াসমিন ওরফে জেসমিন (৩৭), মো. সজীব আলম (২৯), মো. রিপন মিয়া (৪২) এবং মো. ফারুক খান (৫০)। তাদের হেফাজত থেকে লুণ্ঠিত নগদ দুই লাখ ২০ হাজার টাকা এবং একজোড়া স্বর্ণের দুল, একজোড়া বালা, একটি ব্রেসলেট, একজোড়া চুড়ি, একজোড়া ঝুমকা ও একজোড়া পাশা উদ্ধার করা হয়েছে।


কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টা ২৫ মিনিট থেকে ৭টা ৫০ মিনিটের মধ্যে মাহদীনগর এলাকায় রক্সি গলি সংলগ্ন দশ তলা ভবনের ৫ম তলায় ডাকাতির ঘটনা ঘটে। বাসা দেখার নাম করে পাঁচজন ডাকাত ফ্ল্যাটে ঢুকে তিন নারীর হাত-পা বেঁধে মারধর করে নগদ প্রায় ২০ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।


ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে মুসলিমবাগ এলাকা থেকে প্রথমে সজীব আলমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে একই এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেফতার করে তার বাসার ওয়ারড্রব থেকে নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। পরে চাঁদ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ফারুক খানকে গ্রেফতার করে তার বাসা থেকে আরও এক লাখ টাকা ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাতির মূল পরিকল্পনাকারী একই ভবনের ৭ম তলার বাসিন্দা জিয়াসমিন ওরফে জেসমিন। ভিকটিমের বাসায় তার নিয়মিত যাতায়াত ছিল। নগদ টাকা থাকার তথ্য জেনে সে পরিচিতদের নিয়ে পরিকল্পনা করে। ঘটনার দিন নিজেই ডাকাত দলকে ভবনের নিচতলায় গ্রহণ করে এবং ডাকাতি শেষে নিরাপদে বেরিয়ে যেতে সহায়তা করে। ঘটনার পর সে ভুক্তভোগীদের সান্ত্বনা দেয় এবং মামলায় নিজেই সাক্ষী হিসেবে নাম লেখায়। বুধবার তাকে গ্রেফতার করে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।


পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট আটজনের জড়িত থাকার তথ্য মিলেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

;