জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ

প্রকাশ : 25 Apr 2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের মোট ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী। সারাদেশের ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই ভর্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সরকারি কলেজগুলোতে ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন, আর বেসরকারি কলেজের ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ১১৯ জন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি, তারা প্রাথমিক আবেদন ফরম, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং এসএমএসে প্রাপ্ত রোল নম্বরসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারবেন। তবে আবেদন ফরমের ছবির সঙ্গে পরীক্ষার্থীর বর্তমান চেহারার অমিল থাকলে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। এছাড়া সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চিত না হওয়া আবেদনকারীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করা হয়েছে। প্রবেশপত্র অবশ্যই এফোর সাইজ কাগজে প্রিন্ট করে স্বাক্ষর করতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং নির্ধারিত আসনেই পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।

এছাড়া পরীক্ষাকক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তরপত্র পূরণের ক্ষেত্রে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে এবং কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা ব্যক্তিগত তথ্য লেখা যাবে না—এমনটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোট ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে ১ ঘণ্টার মধ্যে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫।

মেধাতালিকা প্রণয়নের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল যুক্ত করা হবে। এতে এসএসসি জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সকল নির্দেশনা মেনে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত খবর

;