হামে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৯৫

প্রকাশ : 27 Oct 2026
হামে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৯৫

স্টাফ রিপোর্টার: সারাদেশে হাম সংক্রামক ব্যাধি ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৫ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। মৃত সাতজনের মধ্যে ৬ জন সন্দেহজনক হামে এবং ১ জন নিশ্চিত হামে মারা গেছেন।


বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চট্টগ্রাম ও খুলনায় ২ জন করে এবং ঢাকা ও বরিশালে ১ জন করে মারা গেছেন। এ সময়ে ঢাকায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও একজনের।


নতুন শনাক্ত সন্দেহজনক রোগীর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৪ জন এবং চট্টগ্রামে ২৪৮ জন। এছাড়া সিলেটে ১০৮ জন, রাজশাহীতে ৪১, ময়মনসিংহে ৮৩, বরিশালে ১১৬, খুলনায় ৯৬ ও রংপুরে ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্তের ৬৩ জনই ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন।


এ সময়ে হাম রোগীদের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।


এ সময়ে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন।


চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৫ জন।


সম্পর্কিত খবর

;