নিম্নচাপ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত

সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার, ঢাকাসহ ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশ : 30 Sep 2026
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার, ঢাকাসহ ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

স্টাফ রিপোর্টার: মিয়ানমার এবং তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে মঙ্গলবার সকাল ৬টায় উত্তর মিয়ানমার, দক্ষিণপূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


এই অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার উপকূলের নিম্নচাপটি দুর্বল হওয়ায় বন্দরগুলোতে আর সতর্ক সংকেতের প্রয়োজন নেই। তবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।


আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও বড় ধরনের ঝড়-বৃষ্টির আশঙ্কা নেই। ঢাকায় বাতাসের গতি ও দিক থাকবে পশ্চিম ও দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।


তাপমাত্রা ও তাপদাহ পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি থাকতে পারে। আপাতত দেশের কোথাও তীব্র তাপদাহের আশঙ্কা নেই। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও সাময়িক ভূমিধসের ঝুঁকি থাকতে পারে। নতুন লঘুচাপ সৃষ্টি হলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।


সম্পর্কিত খবর

;