আন্তর্জাতিক ডেস্ক: বিবিসির প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু মার্ক টালি মারা গেছেন। রোববার (২৫ জানুয়ারি) ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মার্ক টালি দীর্ঘদিন বিবিসিতে কাজ করেছেন এবং দক্ষিণ এশিয়ার সাংবাদিকতায় ছিলেন এক অনন্য নাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বিবিসি রেডিওর মাধ্যমে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন তিনি। তার সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতা মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক টালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী ও বিশিষ্ট সাংবাদিক সতীশ জ্যাকব।
ব্রিটিশ-ভারতীয় নাগরিক মার্ক টালি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিবিসি রেডিওতে তার প্রচারিত সংবাদ ছিল মুক্তিযুদ্ধের খবর জানার অন্যতম নির্ভরযোগ্য উৎস।
বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, মার্ক টালির জন্ম ১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে। পেশাগত জীবনের বড় একটি অংশ তিনি ভারতে কাটান। টানা প্রায় ২০ বছর নয়াদিল্লিতে অবস্থান করে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে কাজ করেন তিনি।
বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করেন মার্ক টালি। ১৯৭১ সালের এপ্রিলের শেষ সপ্তাহে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহের উদ্দেশ্যে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। সে সময় তিনিই ছিলেন সেই বিরল সাংবাদিকদের একজন, যাদের পাকিস্তানি সরকার বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল।
ওই সফরে তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী যান। পরে এক সাক্ষাৎকারে মার্ক টালি বলেছিলেন, পাকিস্তানি সেনাবাহিনী যখন মনে করেছিল পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে, তখনই সাংবাদিকদের আসার অনুমতি দেওয়া হয়। ওই সফরে তার সঙ্গে ছিলেন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধবিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ।
মার্ক টালি জানান, স্বাধীনভাবে ঘুরে পরিস্থিতি দেখার সুযোগ পাওয়ায় তাদের প্রতিবেদন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে তিনি সড়কের দুই পাশে গ্রাম পর গ্রাম পুড়িয়ে দেওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেন এবং বুঝতে পারেন যে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। বিবিসি থেকে অবসর নেওয়ার পরও তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে সক্রিয় ছিলেন।
মার্ক টালির মৃত্যুতে আন্তর্জাতিক সাংবাদিকতা অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। বাংলাদেশ হারাল এক সত্যিকারের বন্ধুকে।
আন্তর্জাতিক ডেস্ক: একটানা ৬২ দিনের তীব্র সংঘাতের পর মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি ফিরতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যা আনুষ্ঠানিকভাবে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সাম্প্রতিক বক্তব্যে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়সীমা ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে। ইউক্রেনীয় পক্ষের দাবি, বাল্টিক সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ তেল বন্দর ও দেশের অভ্যন্তরের একটি বড় শোধনাগ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রবিবার (৫ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কা ...
সব মন্তব্য
No Comments