মহানবী'র শিক্ষা গ্রহণ করে কর্ম-পন্থা নির্ধারণ করলে আমাদের প্রিয় মাতৃভূমি হয়ে উঠবে উন্নত, সমৃদ্ধ, শান্তি ও কল্যাণময়: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশ : 08 Oct 2022
No Image

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালার উদ্বোধন

স্টাফ রিপোটার: ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মহানবী (সা.) এর থেকে শিক্ষা গ্রহণ করে কর্ম-পন্থা নির্ধারণ করলে আমাদের প্রিয় মাতৃভূমি হয়ে উঠবে উন্নত, সমৃদ্ধ, শান্তি ও কল্যাণময়। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত আমাদের দেশে আছে তা হতে পারে আরো সুসংহত ও সুদৃঢ়। আজ (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১৯৭২ সালে প্রধান অতিথি হিসেবে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের শুভ উদ্বোধন করে বিশ্বনবী (সা.) এর আদর্শ প্রচার ও দ্বীনী খেদমতের এক নব দিগন্তের দ্বার উন্মোচন করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের অর্থায়নে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়ে আসছে। বক্তব্য শেষে ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি স্মরণিকা’র মোড়ক উন্মোচন করেন ধর্ম প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার। অনুষ্ঠানে আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ও দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও সাধারণ কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

সম্পর্কিত খবর

;