মক্কায় ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় সৌদিতে উচ্চ সতর্কতা

প্রকাশ : 24 Sep 2026
মক্কায় ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় সৌদিতে উচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দেশটির জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থা ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া, দ্য হিন্দু ও চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, সৌদি সিভিল ডিফেন্স বৃহস্পতিবার মক্কা সিটিতে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে। বিবৃতিতে বলা হয়, "A warning has been issued by the National Early Warning Platform in Mecca City to alert of a potential danger"। একই সঙ্গে লোহিত সাগর উপকূলের ইয়ানবু, তাইফ, জেদ্দা এবং তাবুক অঞ্চলের জন্যও আলাদা সতর্কতা জারি করা হয়। 


সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার আশঙ্কা তৈরি হলেই কেবল এই প্ল্যাটফর্মের মাধ্যমে এ ধরনের সতর্কতা জারি করা হয়ে থাকে। আরবি গণমাধ্যমের খবর অনুযায়ী, সতর্কতায় নাগরিকদের শান্ত থাকা, ভবনের ভেতরে অবস্থান করা, জানালা ও খোলা স্থান থেকে দূরে থাকা এবং বিপদ না কাটা পর্যন্ত বাইরে না বের হওয়ার নির্দেশ দেওয়া হয়।


তবে সতর্কতা জারির কয়েক মিনিট পরেই তা প্রত্যাহার করা হয়। সৌদি সিভিল ডিফেন্স তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানায়, "الخطر زال عن محافظة الطائف ومدينة مكة، ومحافظة جدة ومنطقة تبوك ومنطقة ينبع" অর্থাৎ তাইফ, মক্কা, জেদ্দা, তাবুক ও ইয়ানবু থেকে বিপদ কেটে গেছে। 


সিএনএন আরবিক জানিয়েছে, সতর্কতা প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গত সপ্তাহে রিয়াদ হুথি গোষ্ঠীকে মক্কা লক্ষ্য করে হামলার চেষ্টার অভিযোগ করেছিল, যা এই সতর্কতার প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

;