গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ

প্রকাশ : 08 Nov 2026
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ

স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেন। রোববার (৮ নভেম্বর) দুপুর ৩টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জরুন এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরের পর অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুনের দিকে আসেন। এ সময় তারা আশপাশের কারখানাগুলোতে ইট-পাটকেল ছুড়তে থাকেন। ওইসব কারখানায় তখন উৎপাদন কার্যক্রম চলছিল।


এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা ওই শ্রমিকদের ধাওয়া দেন। খবর পেয়ে বিজিবিও ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেন।


গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, রোববার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল। বেলা ৩টার দিকে একই দাবি জানিয়ে মণ্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে আসছিলেন। এ সময় তারা ৬ থেকে ৭টি কারখানায় ঢিল ছোড়েন। পরে পুলিশ ও বিজিবি তাদের লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরিয়ে দেয়।


পরিস্থিতি বিবেচনায় ওই সময় ৭টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ সুপার জানান, বর্তমানে ওই ৭টি কারখানা ছাড়া গাজীপুরের বাকি সব কারখানায় উৎপাদন চলছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


উল্লেখ্য, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলে পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।


সম্পর্কিত খবর

;