নভেম্বরেও অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম, ডিজেল ১৩৫ টাকা

প্রকাশ : 29 Oct 2026
নভেম্বরেও অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম, ডিজেল ১৩৫ টাকা

ডেস্ক রিপোর্ট: আসন্ন নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দর অপরিবর্তিত রেখে নভেম্বর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ফলে নভেম্বর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে আগের নির্ধারিত দামেই ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে। নতুন এই দর আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।


জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নভেম্বর, ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের পূর্বনির্ধারিত মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে। প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের কথা উল্লেখ করা হয়, যে প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বর্তমান দাম নির্ধারণ করা হয়েছিল।


ঘোষিত দাম অনুযায়ী, নভেম্বর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।


জ্বালানি

প্রতি লিটার দাম

ডিজেল

১৩৫ টাকা

অকটেন

১৬৫ টাকা

পেট্রোল

১৬০ টাকা

কেরোসিন

১৫৫ টাকা

বিশ্ববাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ। তবে গত সেপ্টেম্বরে এক দফা বৃদ্ধির পর টানা দ্বিতীয় মাসের মতো দাম অপরিবর্তিত রাখল সরকার। এর আগে ২০ সেপ্টেম্বর চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল। সেই দামই ১ অক্টোবর থেকে কার্যকর ছিল এবং অক্টোবর মাসেও তা অপরিবর্তিত ছিল।


সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ফ্রেইট চার্জের ওঠানামা সত্ত্বেও জনস্বার্থ বিবেচনায় আপাতত দাম বাড়ানো হয়নি। কৃষি কাজ, পণ্য পরিবহন এবং বিভিন্ন শিল্পকারখানায় ডিজেল একটি গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় এর দাম অপরিবর্তিত থাকা ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য স্বস্তির হবে বলে মনে করা হচ্ছে।


সম্পর্কিত খবর

;