স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মাজার রোড সংলগ্ন ঐতিহাসিক গাবতলী খেলার মাঠের অবৈধ দখল উচ্ছেদ করে তা পুনরায় খেলার উপযোগী করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (১৯ এপ্রিল) ১০৭ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী মাঠটি পরিদর্শনে গিয়ে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
মাঠ পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "এই মাঠে কাজী সালাউদ্দীন থেকে শুরু করে আমি নিজেও ফুটবল খেলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের গ্রামীণ জনপদসহ ঢাকা মহানগরের যেখানেই খেলার মাঠ দখলদারদের কবলে আছে, তা উদ্ধার করার কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে।" গাবতলী মাঠের আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, "এখানে আদালতের একটি রায় রয়েছে। আমরা আদালতের প্রতি সম্মান রেখেই আইনি প্রক্রিয়া মোকাবিলা করে মাঠের বৃহৎ অংশটি দখলমুক্ত করব। এখানে কোনোভাবেই অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। এটি এলাকাবাসী ও স্কুলের শিশুদের খেলার জন্য উন্মুক্ত থাকবে।"
এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা সরেজমিনে দেখেছি মাঠের চার ভাগের দুই ভাগের বেশি অংশে অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আইন ও আদালত জনগণের কল্যাণের জন্য। সিটি কর্পোরেশনের আওতায় যত অবৈধ স্থাপনা আছে, তার সব উচ্ছেদ করা হবে। আমরা স্থানীয় সুধীজনদের সাথে কথা বলে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেব, এর মধ্যে দখল না ছাড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মাঠ শুধু খেলাধুলা নয়, এলাকার সামাজিক কর্মকাণ্ড ও সমাবেশের জন্যও উন্মুক্ত রাখা হবে।"
স্থানীয় বাসিন্দারা জানান, আজ থেকে ১০৭ বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে ১.৭ একর আয়তনের এই মাঠটি ওয়াক্ফ করে গিয়েছিলেন। এটি ঢাকা-১৪ আসনের ১০ নম্বর ওয়ার্ডের একমাত্র খেলার মাঠ।
অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক মদদে মাঠের তত্ত্বাবধায়ক বাবলা নামের এক ব্যক্তি করোনা মহামারির সময় রাতের আঁধারে মাঠের জায়গা দখল করে অবৈধ ভবন ও দোকানপাট নির্মাণ করেন। তৎকালীন সংসদ সদস্য আসলামের ছত্রছায়ায় মাঠের জমি বিভিন্ন জনের কাছে ইজারা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।
বর্তমানে মাঠটি সংকুচিত হয়ে পড়ায় আশপাশের ১০টিরও বেশি স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাঠটি তার পুরনো রূপে ফিরিয়ে দেওয়া হোক। মাঠটি রক্ষায় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments