বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

প্রকাশ : 28 Oct 2026
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বুধবার (২৮ অক্টোবর ২০২৬) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৪টা পর্যন্ত জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত ০১ (এক) জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়নপত্র ২৭ অক্টোবর ২০২৬ তারিখ বাছাইপূর্বক জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১০ এর উপধারা (৮) অনুসারে বৈধভাবে মনোনীত ০১ (এক) জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হলো। 


বৈধ ঘোষিত প্রার্থী হলেন এলিজা জামান। পিতা: সরদার সুলতান মাহমুদ। বর্তমান ঠিকানা: বাসা-৭৮, ফ্ল্যাট-০২, ব্লক-বি, রোড-৮০, বসুন্ধরা আ/এ, ভাটারা, ঢাকা-১২১১। স্থায়ী ঠিকানা: গ্রাম: জুলখোলা, ডাকঘর: জুলখোলা-৮৯০০, পিরোজপুর সদর, পিরোজপুর।


এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত ২৬ অক্টোবর সোমবার তিনি আগারগাঁও নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন। 


এই আসনটি শূন্য হয়েছিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে। গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। 


নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী, এই আসনের উপ-নির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ আসনে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১ নভেম্বর। 


সম্পর্কিত খবর

;