বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা ৫০ শতাংশ বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : 06 Sep 2026
বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা ৫০ শতাংশ বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। এতদিন এই সীমা ছিল ১২ হাজার ডলার। 


রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। বিদ্যমান ভ্রমণ-সুবিধা সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। 


সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বার্ষিক কোটায় এক লাফে ৬ হাজার ডলার যোগ হলো। নতুন এই সীমা একটি পঞ্জিকাবর্ষের জন্য প্রযোজ্য হবে। 


নগদ ডলারের নিয়ম অপরিবর্তিত


ভ্রমণ কোটার মোট পরিমাণ বাড়ানো হলেও নগদ (ক্যাশ) ডলার এনডোর্সমেন্টের নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো একজন প্রাপ্তবয়স্ক নাগরিককে বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার ছাড় করতে পারবে, এর মধ্যে প্রতিবার সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত নগদ নোট আকারে সঙ্গে রাখা যাবে। এই নিয়ম আগের মতোই বহাল থাকবে। ১৮ হাজার ডলার কোটার বাকি অংশ ট্রাভেল কার্ড কিংবা আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহার করতে হবে। 


অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যা থাকছে


১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বরাদ্দের সুযোগ আগের নিয়মেই বহাল রাখা হয়েছে। তারা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত মোট সীমার ৫০ শতাংশ ব্যবহার করতে পারবে। অর্থাৎ নতুন নিয়মে অপ্রাপ্তবয়স্করা বছরে সর্বোচ্চ ৯ হাজার ডলার পর্যন্ত ব্যবহারের সুযোগ পাবে।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে চিকিৎসা, পরিবার পরিদর্শন ও পর্যটনসহ বিভিন্ন বৈধ কাজে বিদেশে সফরকারী নাগরিকেরা অর্থ খরচে আগের চেয়ে বেশি স্বস্তি পাবেন।



সম্পর্কিত খবর

;