আশুলিয়ায় কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন, নিহত বেড়ে ৭

প্রকাশ : 21 Sep 2026
আশুলিয়ায় কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন, নিহত বেড়ে ৭

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ডিইপিজেড ও জিরাবো মডার্ন ফায়ার স্টেশনসহ মোট ৬টি ইউনিট ডাম্পিংয়ের কাজ করে। 


স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রীতি গ্রুপের ওই তৈরি পোশাক কারখানার ভিতরে হঠাৎ বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর পরপর বিকট শব্দ শোনা যায় এবং অনেক দূর থেকেই আগুনের কুণ্ডলী দেখা গেছে। 


ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের ধারণা বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে সর্বশেষ তথ্যে জানা যায়, জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্যাস সিলিন্ডারের আঘাতে কারখানার বাইরে এক নারী এবং কাভার্ড ভ্যানের ভিতরে আরও পাঁচজনের লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান। 


স্থানীয়দের দাবি, কারখানার ভিতরে বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে এসে কারখানার পাশের একটি কাপড়ের দোকানে পড়ে দোকানী জয়নাব বেগম মারা যান এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন এবং ১৬ জনকে নরসিংহপুরের নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 


আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট রওনা হয়। তবে বাইপাইল সড়কে তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।


ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


সম্পর্কিত খবর

;