হাজারো শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরতে না পারায়, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন ঢাবি শিক্ষার্থী

প্রকাশ : 15 Sep 2026
হাজারো শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরতে না পারায়, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন ঢাবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে নিজ বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেও ডিনস অ্যাওয়ার্ড গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন এক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।


বিবৃতিতে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার চার বছরের স্নাতকজীবনের শুরু থেকেই তিনি এই দিনটির জন্য অপেক্ষা করেছেন। অসংখ্য নির্ঘুম রাত ও কঠোর পরিশ্রমের পর এই স্বীকৃতি অর্জন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে প্রতিষ্ঠানের নৈতিক দায়বদ্ধতার প্রশ্নে তিনি এই পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।


তিনি অভিযোগ করেন, ২০২৪ সালে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি ক্যাম্পাসে মবের আক্রমণের শিকার হয়েছিলেন। কোনো ধরনের সহিংসতার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাকে ফাইনাল ভাইভায় অংশ নিতে এবং স্নাতক থিসিস জমা দিতে বাধা দেওয়া হয় বলে তিনি দাবি করেন। এক পর্যায়ে শারীরিক নিরাপত্তার কারণে তিনি ক্যাম্পাসে ফিরতে পারেননি।


ওই শিক্ষার্থী জানান, তার বিভাগের কিছু শিক্ষকের সহায়তায় তিনি পরবর্তীতে নিরাপদ স্থান থেকে অনলাইনে ফাইনাল ভাইভায় অংশ নিয়ে স্নাতক সম্পন্ন করতে সক্ষম হন। এ জন্য তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন। বর্তমানে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন।


বিবৃতিতে তিনি আরও দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার মতো প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারেননি এবং এ বিষয়ে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। তোফাজ্জল, মাসুদ ও শামীমসহ বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।


তিনি বলেন, এই সিদ্ধান্ত কোনো পুরস্কারকে ছোট করার জন্য নয়, বরং যেসব সহপাঠী রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে তিনি মনে করেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য। তার ভাষায়, ন্যায়বিচার যদি সবার জন্য না হয়, তবে সেটি ন্যায়বিচার নয়।


সম্পর্কিত খবর

;