আওয়ামীলীগ নিষিদ্ধের অবস্থানে নেই ইইউর

প্রকাশ : 24 Nov 2026
আওয়ামীলীগ নিষিদ্ধের অবস্থানে নেই ইইউর


স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা হবে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার স্পষ্টভাবে জানিয়েছেন, এ বিষয়ে সংস্থাটি কোনো সুনির্দিষ্ট বা প্রাতিষ্ঠানিক অবস্থান নেয়নি। তবে তিনি একই সঙ্গে অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা, ন্যায়বিচার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন। 


সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি এবং বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত কি না, এমন প্রশ্ন করা হয়। জবাবে মাইকেল মিলার বলেন, তিনি যা বলবেন তা ইইউর অবস্থান নয়, বরং তার নিজস্ব পর্যবেক্ষণ। 


মাইকেল মিলার বলেন, ‘এখানে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। আমি যা বলব, তা আমার নিজস্ব পর্যবেক্ষণ। আমরা চাই একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। স্থিতিশীলতার অর্থ হলো ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানো। আর এর মানে হচ্ছে সংঘাত ত্যাগ করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো।’ 


ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, বিগত শাসনকালে বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার জায়গাটি ফাঁকা করে ফেলা হয়েছিল। প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মতে, রাজনৈতিক রূপান্তর একটি অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন বা পার্লামেন্ট নয়, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থার বিষয়। এ জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে চরম দৃঢ়তা দেখাতে হবে। 


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ও সংঘাত নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে মাইকেল মিলার বলেন, প্রতিক্রিয়াটি সমানুপাতিক হয়েছে বলে তিনি মনে করেন। শান্তিপূর্ণ মতপ্রকাশের সীমা ব্যাখ্যা করে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমাবেশের স্বাধীনতা থাকবে, তবে তার একটি সীমা আছে। কোনো সংগঠন বা ব্যক্তি যদি বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হয়, জনশৃঙ্খলা বিনষ্ট করে কিংবা সংঘাত ও ঘৃণা উসকে দেয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মতপ্রকাশের স্বাধীনতা মানে সংঘাতের লাইসেন্স নয়। 


এ সময় তিনি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আস্থা প্রকাশ করেন। সেই সঙ্গে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন-পরবর্তী সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে বৃহত্তর জাতীয় ঐকমত্যের ওপর জোর দেন। 


উল্লেখ্য, ২০২৫ সালের ১০ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। এরপর থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখা হবে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, তা নিয়ে দেশে-বিদেশে নানা মহল থেকে ভিন্ন ভিন্ন দাবি উঠছে। তবে ইইউ রাষ্ট্রদূতের বক্তব্য থেকে স্পষ্ট, ব্রাসেলস এ বিষয়ে কোনো পক্ষ নিয়ে অবস্থান ঘোষণা করছে না, বরং জবাবদিহি, ন্যায়বিচার ও স্থিতিশীলতার নীতিগত অবস্থানেই থাকতে চাইছে। 


সম্পর্কিত খবর

;