অনিক রায়,ফরিদপুর: কারিগরি শিক্ষা অধিদপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে একটি স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার করেছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ব্যর্থ হলে আগামী তিন কার্যদিবসের মধ্যে সারাদেশব্যাপী রেললাইন অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৭ জানুয়ারী) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে একত্রিত হয়ে রেলপথ অবরোধের হুঁশিয়ারিমূলক কর্মসূচি পালন করেন। তবে জনদুর্ভোগ বিবেচনায় শিক্ষার্থীরা এদিন সরাসরি রেললাইন অবরোধ করেননি।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় থেকে নানা একাডেমিক, প্রশাসনিক ও কাঠামোগত বৈষম্যের শিকার হচ্ছেন। গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী কলেজটিকে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই—যা শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হাসান বিন মুহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সহকারী কমিশনার (ভূমি)। শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের একাধিক দফায় আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। জনভোগান্তি এড়াতে প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড কর্মসূচি স্থগিত করেন।এরপর কলেজ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খান। এ সময় শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তাদের ন্যায্য দাবির পক্ষে স্লোগান দেন।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, আগামী ৩ কার্যদিবসের মধ্যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্ত করে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি না করা হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচিতে যাবেন।
শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, “আজ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছি। কিন্তু ভবিষ্যৎ ও অধিকার রক্ষায় প্রয়োজনে সারাদেশব্যাপী রেললাইন অবরোধসহ সব ধরনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।”
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ একটি পূর্ণাঙ্গ প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার সব যোগ্যতা রাখে। অথচ প্রশাসনিক জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে তাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে এই আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে বলেও শিক্ষার্থীদের পক্ষ হতে হুশিয়ারী দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments