সিদ্ধান্তের আগেই ৫০-১০০% বাড়তি বাস ভাড়া আদায়, কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

প্রকাশ : 23 Sep 2026
সিদ্ধান্তের আগেই ৫০-১০০% বাড়তি বাস ভাড়া আদায়, কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বাড়ানোর পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সরকারি সিদ্ধান্ত এলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে আগের চেয়ে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।


ভুক্তভোগী যাত্রীদের ভাষ্য, ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২০ টাকা, ২০ টাকার ভাড়া ৩০ টাকা। চালকেরা জ্বালানি তেলের দাম বাড়ার কথা বললেও বাড়তি ভাড়া আদায়ের পক্ষে কোনো সরকারি কাগজ দেখাতে পারছেন না।


সাভার থেকে টেকনিক্যাল পর্যন্ত নিয়মিত যাতায়াত করেন ফারজানা আহমেদ। তিনি বলেন, আগে এ পথে ২০ টাকা ভাড়া নেওয়া হলেও এখন ৩০ টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ এক ধাক্কায় ভাড়া বেড়েছে ৫০ শতাংশ। ইসলামপুর যেতে আগে ৬০ টাকা দিতে হলেও এখন ৮০ টাকা নেওয়া হচ্ছে। গত দুই দিন ধরে তেলের দাম বাড়ার কথা বলে এভাবে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।


বলিয়াপুর থেকে প্রতিদিন কোরিয়ার টেকনিক্যাল মোড়ে আসেন শিক্ষার্থী মো. আশফাক রহমান। তিনি বলেন, আগে ১০ টাকা ভাড়া নেওয়া হলেও এখন ২০ টাকা নেওয়া হয়েছে। হিসেবে এটি ১০০ শতাংশ বৃদ্ধি। তিনি বলেন, আমরা স্টুডেন্ট ও গরিব মানুষ। এখানে পড়তে আসি। এখন যদি এভাবে ভাড়া বেড়ে যায়, আমরা কীভাবে চলব?


যাত্রীদের অভিযোগের হিসাবেও বাড়তি ভাড়ার চিত্রটি স্পষ্ট। ১০ টাকা থেকে ২০ টাকা হলে ১০০ শতাংশ, ২০ থেকে ৩০ টাকা হলে ৫০ শতাংশ এবং ৬০ থেকে ৮০ টাকা হলে ৩৩ শতাংশের বেশি বাড়ে। অর্থাৎ সরকারি নতুন ভাড়া কার্যকর হওয়ার আগেই কোনো কোনো রুটে পুরোনো ভাড়ার চেয়ে উল্লেখযোগ্য হারে বেশি টাকা নেওয়া হচ্ছে।


তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন বাসচালকেরা। শুভযাত্রা পরিবহনের চালক মো. তুহিন মিয়া বলেন, আমাদের ভাড়া বাড়েনি। কিন্তু তেলের দাম বাড়ায় আপ-ডাউন ট্রিপে আমাদের তেল কিনতে ২ হাজার টাকা বেশি লাগছে। আমাদের আপ-ডাউন ট্রিপে ৫০ লিটারের মতো তেল লাগে।


এর মধ্যেই সরকার ডিজেলচালিত সাধারণ বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বাসের ভাড়া দূরপাল্লা ও রাজধানীসহ শহরে কিলোমিটার প্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সূত্র জানায়, সাধারণত জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি এক পয়সা বাড়ে। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বেড়েছে। 


সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল ছিল ১১৫ টাকা, ফলে এক লাফে ২০ টাকা বাড়ল। Authorities hiked the prices of four petroleum products by 20 taka per liter, raising diesel prices to 135 taka per liter। জ্বালানি বিভাগ বলছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট ভাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর আগে গত ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছিল। 


ভাড়া বাড়ানোর প্রক্রিয়ায় গত ২১ সেপ্টেম্বর বিআরটিএর সদর দপ্তরে বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে মালিকরা কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেন। তবে বিআরটিএ দূরপাল্লায় ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বৃদ্ধির সুপারিশ করে। পরে সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা করার সিদ্ধান্ত দেয়। সে হিসেবে প্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা হয়। মালিকরা বিআরটিএ'র সঙ্গে বসে এগ্রিমেন্ট করবে। 


নতুন ভাড়া নির্ধারণের সময় ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসের হিসাব ধরা হয়েছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা। ১৭ পয়সা বৃদ্ধির পর মহানগরে বড় বাসের ভাড়া দাঁড়াবে ২ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৫৯ পয়সা। অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমান ভাড়া ২ টাকা ২৩ পয়সা, নতুন হারে তা হবে ২ টাকা ৪০ পয়সা। 


বিআরটিএ সূত্র জানিয়েছে, দূরপাল্লা ও শহরের বিভিন্ন রুটে দূরত্ব অনুযায়ী নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রস্তুত করে প্রকাশ করতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে। বাড়তি ভাড়া শুধু ডিজেলচালিত সাধারণ বাসের জন্যই প্রযোজ্য হবে।


বাড়তি ভাড়া আদায় ঠেকাতে কঠোর বার্তা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল হবে। রেলের ভাড়া এখনো বাড়ানোর চিন্তা করা হচ্ছে না। তবে লঞ্চ নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হবে।


অন্যদিকে সরকার নির্ধারিত ১৭ পয়সা বৃদ্ধির বিষয়েও আপত্তি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, তারা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুট বিশ্লেষণ করে দেখেছেন, দূরপাল্লায় ৮ পয়সা ও সিটি সার্ভিসে ১০ পয়সা বাড়ালেই বর্ধিত জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা সম্ভব। তার অভিযোগ, ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করা হচ্ছে এবং পরিচালন ব্যয় বৃদ্ধির স্বচ্ছ হিসাব প্রকাশ করা হচ্ছে না।


সম্পর্কিত খবর

;