৪৮ ঘণ্টায় লঘুচাপের পূর্বাভাস

ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ : 09 Sep 2026
ঢাকাসহ  সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি জানান, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি থাকায় সমুদ্রবন্দরসমূহে আপাতত কোনো সতর্ক সংকেত নেই। তবে লঘুচাপ সৃষ্টি হলে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে, তাই সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্কবাণী নেই, তবে কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।


পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে প্রথম দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে।


দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টা থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় একইভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


তৃতীয় দিন সকাল ৯টা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


চতুর্থ দিন সকাল ৯টা থেকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিন সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

;