ফুলতলায় ৭ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা, কুষ্টিয়া থেকে আসামি গ্রেফতার

প্রকাশ : 23 May 2026
ফুলতলায় ৭ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা, কুষ্টিয়া থেকে আসামি গ্রেফতার

ফুলতলা প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম হাফরাস্তা এলাকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া ৭ বছরের এক কন্যাশিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নং-১১, তারিখ: ২২/০৫/২০২৬।


ভুক্তভোগী শিশুর মা মদিনা বেগম (৩৮) বাদী হয়ে গত ২১ মে ফুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্ত মো. সাকিব শেখকে (২২) কুষ্টিয়া জেলা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাকিব পয়গ্রাম হাফরাস্তা এলাকার আকরাম শেখের ছেলে।


মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভুক্তভোগী শিশুর বাবা-মা জীবিকার তাগিদে কাজের সন্ধানে বাড়ির বাইরে যান। এ সময় শিশুটি বাড়িতে একাই ছিল। এই সুযোগে প্রতিবেশী আকরাম শেখের ছেলে মো. সাকিব শেখ শিশুটিকে দোকানে নিয়ে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখায়। খাবার কিনে দেওয়ার কথা বলে সে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়।


সেখানে সাকিব শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি কাউকে না বলার জন্য এবং বললে বড় ধরনের ক্ষতি করার ভয়ভীতি দেখিয়ে সে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাকিব এলাকা ছেড়ে পালিয়ে যায়।


মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফুলতলা থানা পুলিশ আসামির অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। পরে কুষ্টিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করে ভেড়ামারা থানায় আনা হয়।


ফুলতলা থানা পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


সম্পর্কিত খবর

;