ধানমন্ডি-আগারগাঁওয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৩২ জন গ্রেফতার

প্রকাশ : 23 May 2026
ধানমন্ডি-আগারগাঁওয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৩২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার, ২২ মে ভোর ও দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন পাকা রাস্তায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি শ্যামল চন্দ্রের নেতৃত্বে একদল নেতাকর্মী মিছিলের জন্য জড়ো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দৌড়ে পালানোর সময় ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন শ্যামল চন্দ্র (২৭), আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।


অন্যদিকে ধানমন্ডি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার জুমার নামাজের পর দুপুর আনুমানিক ২টায় ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মো. মুরাদ (৪৮) রয়েছেন। অন্যরা হলেন আব্দুল হান্নান বিশ্বাস (২২), মোস্তাক বিশ্বাস (২২), রনি (১৯), জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), সিয়াম হোসেন (১৯), তারিক জামিল (১৯), রাজু (১৯), বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), তামিম মোল্লা (১৮), শিমুল ব্যাপারী (১৮), আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪) ও জাহিদ থান (৩০)।


ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃত ৩২ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পর্কিত খবর

;