শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ চালু করছে ডাকসু

প্রকাশ : 20 Oct 2025
শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ চালু করছে ডাকসু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী মিলিয়ে মোট ২০০০ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে। 


রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। "Be A Lifesaver: First Aid Bootcamp" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BGHRI)। 


প্রশিক্ষণ কর্মসূচিটি ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর সলিমুল্লাহ মুসলিম হল ও ফজলুল হক মুসলিম হলে, ২৬ অক্টোবর রোকেয়া হলে, ২৮ অক্টোবর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে, ২৯ অক্টোবর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে, ৩০ অক্টোবর জগন্নাথ হল ও শামসুন নাহার হলে, ২ নভেম্বর মাস্টারদা সূর্যসেন হলে, ৩ নভেম্বর কবি জসীম উদ্দীন হল ও স্যার এ. এফ. রহমান হলে, ৪ নভেম্বর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও শেখ মুজিবুর রহমান হলে, ৫ নভেম্বর কবি সুফিয়া কামাল হলে, ৬ নভেম্বর হাজী মুহম্মদ মহসিন হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে, ৮ নভেম্বর অমর একুশে হল ও বিজয় একাত্তর হলে, ৯ নভেম্বর অনাবাসিক শিক্ষার্থীদের (গ্রুপ ১ ও গ্রুপ ২) জন্য এবং সর্বশেষ ১০ নভেম্বর স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।


BGHRI-এর পক্ষে প্রশিক্ষণ প্রদান করবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালট্যান্ট (রেসপিরেটরি/পালমোনোলজি মেডিসিন) এবং BGHRI-এর প্রতিষ্ঠাতা ডা. তালিবুল ইসলাম (রুশো), BGHRI-এর কো-অর্ডিনেটর ডা. মো. শামসুজ্জামান, BGHRI এর কনসালট্যান্ট ডা. শরিফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ট্রেইনি ডা. তারেক কাউসার। 


সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, উন্নত দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি বা হাই স্কুল লেভেলে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জ্ঞান বা ফার্স্ট এইড ট্রেনিং দেওয়া হয়। ফলে তারা দুর্ঘটনা, স্ট্রোক, সাপে কামড়ানো বা রাতের জরুরি ক্রাইসিসের মতো পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে অবগত থাকে এবং মারাত্মক ভুল হওয়া এড়ানো যায়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে ফার্স্ট এইড ট্রেনিং না পাওয়ায় অনেক সময় সামান্য সমস্যা সমাধানে ভুল করে উল্টো রোগ বা সমস্যাকে আরও বেশি জটিল করে তোলা হয়। এই পরিস্থিতি মোকাবিলায় ডাকসু সিদ্ধান্ত নিয়েছে যে তারা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফার্স্ট এইড ট্রেনিং-এর আওতায় নিয়ে আসবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেকোনো ক্রাইসিস বা রোগে তাদের তাৎক্ষণিক করণীয় কী হওয়া উচিত তা জানতে পারবে। 


সংবাদ সম্মেলনে বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও ডা. তালিবুল ইসলাম ডাকসুর সাথে সংযুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য "বেসিক লাইফ সাপোর্ট" ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত জরুরি কোর্স আয়োজনে গর্বিত উল্লেখ করে বলেন, 'এই কোর্স উন্নত বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক বা ঐচ্ছিক হিসেবে প্রচলিত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০,০০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া মানে ৪০,০০০ পরিবারকে জরুরি স্বাস্থ্য জ্ঞান দেওয়া। এই কোর্স সম্পন্ন করলে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক চাকরিতে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।'


কোর্সের বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, 'মোট ১১টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, যার মধ্যে আছে - বেসিক লাইফ সাপোর্ট (কার্ডিয়াক অ্যারেস্ট, শ্বাস-প্রশ্বাস বন্ধ), চকিং, ফেইন্টিং, পোড়া রোগীর প্রাথমিক চিকিৎসা (বার্ন), ফ্র্যাকচার, সাপে কামড়ালে করণীয়, নারীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি (Personal Hygiene), ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা এবং ফুড পয়জনিং।


সংবাদ সম্মেলনে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, যদিও বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৪০,০০০ তবুও প্রাথমিক পর্যায়ে ১৮টি হলে প্রত্যেক হলের ধারণক্ষমতা বিবেচনা করে মোট ২,০০০ শিক্ষার্থীকে ফার্স্ট এইড বুট ক্যাম্পের প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণটি প্রত্যেকটি হলে আলাদা আলাদা ফার্স্ট এইড বুট ক্যাম্প হিসেবে অনুষ্ঠিত হবে। ছেলে ও মেয়েদের হলের জন্য ট্রেনিং-এর বিষয়বস্তুতে পার্থক্য থাকবে। এই ট্রেনিং-এর লক্ষ্য হলো প্রাথমিক পদক্ষেপগুলো সম্পর্কে জ্ঞান দিয়ে মরণাপন্ন পরিস্থিতি এড়ানো।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া, ইমরান হোসাইন, মোছা. আফসানা আক্তার।


সম্পর্কিত খবর

;