সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ, জামায়াতের নিন্দা

প্রকাশ : 22 Nov 2026
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ,  জামায়াতের নিন্দা

স্টাফ রিপোর্টার: ডাকসুর ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২২ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


সাদিক কায়েমের অভিযোগ অনুযায়ী, শনিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে তার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। রোববার ভোরে নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ জানান।


সাদিক কায়েম তার পোস্টে লিখেছেন, বাড়ির চারপাশে পেট্রোল বোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করা হয়েছিল। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।


খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার ভাষ্য অনুযায়ী, ঘরের দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।


জামায়াতের বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আজ রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা ডাকসুর ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে কেরোসিন ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। তবে সাদিক কায়েমের নিজের বক্তব্য অনুযায়ী, আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয়েছিল।


তিনি এ ঘটনাকে বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্য উল্লেখ করে বলেন, অতীতেও আওয়ামী লীগ দেশে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের তাণ্ডব, নাশকতা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।


বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। আমরা সরকারের এ নিষ্ক্রিয়তা ও উদাসীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।


বিবৃতির শেষে তিনি বলেন, আমরা ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।


সম্পর্কিত খবর

;